পুলিশকে আদালতের কারণ দর্শানোর নোটিশ, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় আদালতে হামলা-ভাঙচুর এবং কাঠগড়া ভেঙে যুবদলের ছয় নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশকে কারণ দর্শাতে বলেছেন আদালত। একই সঙ্গে এ ঘটনায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৩৬ নেতা-কর্মীর জামিনের আদেশ বাতিল করেছেন আদালত।আদালতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গতকাল শুক্রবার বগুড়া সদর থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এদিকে এক সংবাদ সম্মেলনে বিএনপি দাবি করেছে, ভাঙচুরের ঘটনায় যুবদল বা স্বেচ্ছাসেবক দলের কেউ জড়িত ছিলেন না। আদালত সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিচারকাজ চলাকালে আদালতে হামলা-ভাঙচুর ও কাঠগড়া ভেঙে আসামি ছিনতাইয়ের ঘটনায় আদালতের নিরাপত্তা দিতে পুলিশ ব্যর্থ হয়েছে, কি না তা জানতে চেয়েছেন আদালত। পুলিশের বগুড়ার আদালত পরিদর্শক (ভারপ্রাপ্ত) এমদাদুল বারী গতকাল প্রথম আলোকে জানান, আদালতে কেন এসব ঘটনা ঘটল, তা জানতে চেয়ে বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আবদুল হামিদ পুলিশের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন। সাত দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। জামিন বাতিল: হরতালে ককটেল হামলার ঘটনায় ছাত্রলীগের নেতা জগলুর পাশার করা মামলায় গত বৃহস্পতিবার বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালত ছয় নেতার জামিন নামঞ্জুর করলেও ৩৬ জনের জামিনের আদেশ দিয়েছিলেন। কিন্তু আদেশের পর আদালতে হামলা-ভাঙচুর ও কাঠগড়া থেকে ছয় নেতাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার পরপরই আদালত ওই ৩৬ নেতা-কর্মীর জামিন আদেশ বাতিল করেন। আসামিপক্ষের আইনজীবী আবদুল বাসেত প্রথম আলোকে বলেন, আদালতে ঘটে যাওয়া গত বৃহস্পতিবারের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরপরই বিচারক ছাত্রলীগ নেতার দায়ের করা বিস্ফোরক মামলায় ৩৬ জনের জামিন আদেশ বাতিল করেন। এ ছাড়া পুলিশের দায়ের করা আদালত ভাঙচুরের মামলাতেও ওই সব নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। আদালতের কাঠগড়া ভেঙে ছয় নেতাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর টনক নড়ে পুলিশের। শুক্রবার বগুড়া সদর থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। এঁরা হলেন: যুবদলের কর্মী নাজমুল, শেখ জনি ও সুজন এবং স্বেচ্ছাসেবক দলের ফারুকুল ইসলাম। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম প্রথম আলোকে এ খবর নিশ্চিত করেছেন। এদিকে আদালতে ভাঙচুরের ঘটনায় যুবদল বা স্বেচ্ছাসেবক দলের কেউ জড়িত ছিলেন না বলে বিএনপির এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের নওয়াববাড়ি সড়কের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সমেঞ্চলনে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম দাবি করেন, আদালতে ভাঙচুর ও কাঠগড়া থেকে নেতাদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ সঠিক নয়। বিচারকাজ চলাকালে আদালত এবং আদালতের বাইরে উৎসুক অনেক লোকজন থাকেন। ভাঙচুরের সঙ্গে যুবদল বা স্বেচ্ছাসেবক দলের কেউ জড়িত ছিলেন না। নেতা-কর্মীদের কেউ পালিয়েও যাননি। হট্টগোলের সময় তাঁরা তাঁদের আইনজীবীদের সঙ্গেই ছিলেন। হট্টগোল থেমে গেলে জামিন নামঞ্জুর হওয়া নেতারা আইনজীবীদের মাধ্যমে স্বেচ্ছায় হাজতে ঢোকেন। পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে বলে যে দাবি করছে, সেটাও ভিত্তিহীন।