জঙ্গি ও সন্ত্রাস দমনে পুলিশকে আরও অস্ত্র ও প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সহায়তায় ইতিমধ্যে বড় ধরনের অপরাধ দমনে সোয়াট (এসডব্লিউএটি) নামে একটি কমান্ডো দল গঠন করা হয়েছে। এ দলের নতুন ২৪ জন সদস্য প্রশিক্ষণের জন্য ১৯ মে যুক্তরাষ্ট্র গেছেন। সোয়াটের সদস্যসংখ্যা পর্যায়ক্রমে ১০০ করার চিন্তাভাবনা করা হচ্ছে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট সূত্রে এসব কথা জানা গেছে। আন্তর্জাতিক পর্যায়ে জঙ্গি দমনের জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের পুলিশসহ বিভিন্ন দেশের নিরাপত্তা সংস্থার সক্ষমতা বাড়াতে এ সহায়তা দিচ্ছে। মার্কিন জাতীয় নিরাপত্তা আইন অনুসারে এ সহায়তা দেওয়া হচ্ছে।ডিএমপির কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতায় ২০০৮ সালে ডিএমপির অধীনে কমান্ডো দল সোয়াট গঠন করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দুজন সহকারী কমিশনারসহ পরিদর্শক, উপপরিদর্শক ও কনস্টেবলরা এ দলের সদস্য। তাঁদের মধ্যে ২৪ জন জঙ্গি ও মারাত্মক সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী গ্রেপ্তার ও জিম্মি উদ্ধারে যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিয়েছেন। দলটির রয়েছে এআর-১০ স্নাইপার ও এম-৪ কারবাইন রাইফেল। দুরবিন-সংযুক্ত স্নাইপার রাইফেল দিয়ে এক কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানা যায়। এম-৪ কারবাইন রাইফেল থেকে মিনিটে ৪০টির বেশি গুলি বের হয়। এ ছাড়া সোয়াটের রয়েছে অস্ট্রিয়ায় তৈরি ছোট আকারের পিস্তল, গুলিপ্রতিরোধী (বুলেট প্রুফ) পোশাক ও ঢাল।সোয়াটের সদস্যরা জানান, সোয়াটের পরিধি বাড়িয়ে পূর্ণাঙ্গ ব্যাটালিয়নে পরিণত করার কথা ভাবা হচ্ছে। নতুন করে এর তিনটি দল গঠনের প্রস্তাব করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দুই কর্মকর্তা ৫ এপ্রিল ঢাকায় সোয়াটের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তাঁরা সোয়াটের বর্তমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং নতুন আরেকটি দল গঠনে সম্মত হন। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সোয়াটের আরও ২৪ জন সদস্যকে চলতি মাসে প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।ডিএমপির কর্মকর্তারা বলেন, সোয়াটের সদস্যদের ৪২ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। এতে জনপ্রতি খরচ হয় সাড়ে ২৮ লাখ টাকা। এ প্রশিক্ষণের অর্থ ও প্রয়োজনীয় সব সরঞ্জাম দেয় যুক্তরাষ্ট্র।সোয়াটের প্রধান সহকারী পুলিশ কমিশনার আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, পর্যায়ক্রমে সোয়াটের সদস্যসংখ্যা ১০০ জনে উন্নীত করা হবে।ডিএমপির সূত্র জানায়, সোয়াটের মতো যুক্তরাষ্ট্রের সহযোগিতায় পুলিশ বাহিনীতে ‘বিস্ফোরক বিশেষজ্ঞ দল’ গঠন করা হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশের অধীন এ দলটি বোমা বিস্ফোরণ ও উদ্ধারসংক্রান্ত সব ধরনের প্রশিক্ষণ পেয়েছে। তাদের প্রশিক্ষণ ও যাবতীয় সরঞ্জামও দিয়েছে যুক্তরাষ্ট্র।পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ ও সরঞ্জাম দিয়ে যুক্তরাষ্ট্র সহযোগিতা করছে। তারা জঙ্গি-সন্ত্রাসী গ্রেপ্তার, জিম্মি উদ্ধার ও বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তের জন্য সক্ষমতা বাড়াতে আরও প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছে।