পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের রাজাপাড়া গ্রামে দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে এজাহারভুক্ত এক আসামি ছিনতাই করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তা শিলক তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমাস হোসেনকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, শিলক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও শিলকের রাজাপাড়া গ্রামের বাসিন্দা শাহজাহান সিকদার কয়েকজন সহযোগী নিয়ে গত রোববার রাতে শিলক খালের ওপর নির্মিত রাবারের বাঁধ ভেঙে দেয়। এতে কোটি টাকা ক্ষতি দেখিয়ে রাবার ড্যাম উন্নয়ন প্রকল্প কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম গত সোমবার শাহজাহান সিকদারসহ তিনজনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন। এলাকাবাসী জানান, এসআই মজিবুর রহমান ও এএসআই আলমাস হোসেন গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আসামি শাহজাহান সিকদারকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে আসার চেষ্টা করেন। ওই সময় শাহজাহানের ২০-২৫ জন সহযোগী লাঠি, দা, কিরিচ নিয়ে দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালায়। তাঁরা দুই মজিবুর ও আলমাসকে কুপিয়ে গুরুতর আহত করে আসামি শাহজাহান সিকদারকে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে রাঙ্গুনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুই পুলিশ কর্মকর্তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা বিজন কান্তি বিশ্বাস জানান, আহত পুলিশ কর্মকর্তা মজিবুর রহমান ও আলমাস হোসেনের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়েছে। এ ছাড়া ঘাড় ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান প্রথম আলোকে বলেন, পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় ৩০ জনকে আসামি করে গতকাল বুধবার মামলা হয়েছে। এ ছাড়া এজাহারভুক্ত আসামি শাহজাহান সিকদার ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারে পুলিশ তত্পর রয়েছে।