পুলিশকে কুপিয়ে জখম, কেরোসিন ঢেলে আগুন ধরানোর চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে হরতাল চলাকালে গতকাল সোমবার পুলিশের একজন কনস্টেবলকে কুপিয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা। জনগণের বাধার মুখে তাঁরা আগুন ধরাতে পারেননি। বেলা দুইটার দিকে সদর উপজেলার হিচমী বাজারে জয়পুরহাট-বগুড়া সড়কে এ ঘটনা ঘটে।আহত কনস্টেবল গোলাম মোস্তফাকে (৪৮) প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আতাউর রহমান প্রথম আলোকে বলেন, গোলাম মোস্তফার হাত ও চোখের নিচের অংশ জখম হয়েছে। এর মধ্যে চোখের নিচের আঘাতটি গুরুতর। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।৫ নভেম্বর জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মাদ্রাসার ছাত্র বদিউজ্জামান নিহত হন। এর প্রতিবাদে ও নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল জয়পুরহাটে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে শিবির।পুলিশ সুপার হামিদুল আলম সাংবাদিকদের জানান, হরতাল চলাকালে ক্ষেতলাল থানার কনস্টেবল গোলাম মোস্তফা গতকাল এক মামলায় সাক্ষ্য দিতে জয়পুরহাট আদালতে আসেন। সাক্ষ্য দিয়ে ক্ষেতলাল এলাকার একজনের মোটরসাইকেলে বসে ক্ষেতলাল থানায় যাচ্ছিলেন। পথে জয়পুরহাট-বগুড়া সড়কে সদর উপজেলার হিচমী বাজারে মোটরসাইকেলটি নষ্ট হয়। চালক মোটরসাইকেল মেরামতের চেষ্টা করেন। রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন মোস্তফা। ওই সময় হরতালের সমর্থক আট-দশজন শিবিরকর্মী মোস্তফাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন এবং তাঁর শরীরে কেরোসিন তেল ঢেলে গায়ে আগুন দেওয়ার চেষ্টা করেন। কিন্তু স্থানীয় জনগণের বাধার মুখে শিবিরের কর্মীরা আগুন দিতে পারেননি এবং সেখান থেকে সটকে পড়েন। পরে লোকজন মোস্তফাকে উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করায়।পুলিশের ওপর হামলার কারণ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, দুপুর ১২টার দিকে শিবিরকর্মীরা একটি ট্রাক ভাঙচুর করলে পুলিশ ধাওয়া দিয়ে খোরশেদ (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যান। এই ক্ষোভেই শিবিরের কর্মীরা কনস্টেবল মোস্তফাকে হত্যার চেষ্টা করেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করার প্রস্তুতি চলছে।জেলা আধুনিক হাসপাতালে গতকাল বিকেল চারটার দিকে গিয়ে দেখা যায়, ১ নম্বর ওয়ার্ডের ২০ নম্বর বেডে শুয়েছিলেন কনস্টেবল মোস্তফা। পাশেই ছিল কেরোসিন মাখা পুলিশের শার্ট। চিকিৎসকেরা তাঁর সঙ্গে কথা বলতে বারণ করেন।জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আসলাম হোসেন প্রথম আলোকে জানান, হিচমী বাজারে পুলিশ এক যুবককে অকারণে আটক করলে ওই এলাকার লোকজন কনস্টেবল মোস্তফার ওপর হামলা চালায়। এর সঙ্গে শিবিরের কেউ জড়িত নন।হরতালে যানবাহনে অগ্নিসংযোগ-ভাঙচুর: প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হরতাল চলাকালে জয়পুরহাট শহরের প্রধান রাস্তা কেন্দ্রীয় মসজিদ চত্বর এলাকা থেকে আমতলী এলাকা পর্যন্ত অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। জয়পুরহাট থেকে আন্তজেলা ও ঢাকাগামী কোনো বাস চলেনি। শহরে ছিল বিপুলসংখ্যক র‌্যাব ও পুলিশ। এরই মধ্যে সকাল নয়টার দিকে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়ের পূর্ব পাশে একটি অটোরিকশা পুড়িয়ে দেন শিবিরের কর্মীরা। দুপুর ১২টার দিকে জয়পুরহাট-বগুড়া সড়কে পল্লী বিদ্যুৎ ও হিচমী এলাকায় একটি ট্রাক ও দুটি অটোরিকশা ভাঙচুর করা হয়। এ ঘটনায় শহর থেকে শিবিরের আট কর্মীকে আটক করে পুলিশ।