পুলিশকে কুপিয়ে জখম, শরীরে আগুন লাগানোর চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে হরতাল চলাকালে ছাত্রশিবিরের কর্মীরা পুলিশ কনস্টেবল গোলাম মোস্তফাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ আরও অভিযোগ করেছে, হামলার পর ওই পুলিশ কনস্টেবলের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন শিবিরের কর্মীরা। আশপাশের লোকজনের বাধার মুখে তাঁরা আগুন দিতে পারেননি এবং পালিয়ে যান।আজ সোমবার জয়পুরহাট-বগুড়া সড়কের হিচমী বাজারে এ ঘটনা ঘটে। আহত গোলাম মোস্তফাকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের আবাসিক চিকিত্সক আতাউর রহমান জানান, গোলাম মোস্তফার চোখের নিচে ধারালো অস্ত্রের জখম রয়েছে। এ ছাড়া তাঁর হাতেও আঘাত করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বগুড়ায় পাঠানো হয়েছে। জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম প্রথম আলো ডটকমকে জানান, ক্ষেতলাল থানার পুলিশ কনস্টেবল গোলাম মোস্তফা একটি মামলার সাক্ষ্য দিতে মোটরসাইকেলে করে জয়পুরহাট সদরে যাচ্ছিলেন। হিচমী বাজারে এলে হঠাত্ তাঁদের মোটরসাইকেলটি নষ্ট হয়ে যায়। চালক সেটি সারিয়ে তোলার চেষ্টা করার সময় গোলাম মোস্তফা রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন। তখন ৮-১০ জন হরতাল-সমর্থক শিবিরকর্মী তাঁর ওপর হামলা চালান।পুলিশ সুপারের দাবি, দুপুর ১২টার দিকে শিবিরকর্মীরা একটি ট্রাক ভাঙচুর করলে পুলিশ ধাওয়া করে সেখান থেকে খোরশেদ (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যান। এই ক্ষোভেই শিবিরকর্মীরা কনস্টেবল গোলাম মোস্তফাকে হত্যার চেষ্টা করেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সুপার জানান।এ ব্যাপারে জেলা ছাত্রশিবিরের সভাপতি আসলাম হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। পরে ফিরতি ফোনে তিনি প্রথম আলো ডটকমকে বলেন, দুপুরে হিচমী বাজার এলাকা থেকে শিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী পুলিশের ওপর হামলা চালাতে পারে বলে তিনি দাবি করেন। পুলিশের ওপর হামলায় ছাত্রশিবিরের কেউ জড়িত নয় বলেও তিনি দাবি করেন।ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ক্ষেতলাল থানার কনস্টেবল গোলাম মোস্তফা ফেনসিডিলসংক্রান্ত একটি মামলায় সাক্ষ্য দিতে জয়পুরহাটের আদালতে যাচ্ছিলেন।