পুলিশকে পিটিয়ে অস্ত্র কেড়ে নিলেন জামায়াতের কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দৈনিক বাংলা মোড়ের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীরা আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশের ওপর অতর্কিত হামলা চালান। এতে পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন। এ সময় জামায়াতের কর্মীরা আবুল বাশার নামে পুলিশের এক কর্মকর্তার কাছ থেকে গুলিভর্তি পিস্তল ছিনিয়ে নেন বলে তিনি অভিযোগ করেছেন।আহতদের রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন, মতিঝিল টহল পুলিশের পরিদর্শক আবুল বাশার, গাড়ির চালক ইউনুস আলী, মতিঝিল জোনের ট্রাফিক পুলিশের হাবিলদার মো. রমজান আলী। বাকি একজনের নাম জানা যায়নি। আহতদের মধ্যে আবুল বাশারের অবস্থা আশঙ্কাজনক। তিনি প্রথম আলোকে জানান, ফকিরাপুল থেকে দৈনিক বাংলার মোড়ে তিনি পুলিশ ফাঁড়িতে যাচ্ছিলেন। এ সময় জামায়াতের অতর্কিত মিছিল আসে। মিছিল থেকে কর্মীরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। মারধরের একপর্যায়ে তারা কোমর থেকে বেল্টসহ গুলিভর্তি পিস্তল ছিনিয়ে নেন। জামায়াত কর্মীরা তার গাড়িও ভাঙচুর করেন। গাড়িটির নম্বর হলো মেট্রো ভ০২/২১৫১।এদিকে বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন রাজারবাগ হাসপাতালে আহতদের দেখতে যান। তিনি বলেন, গত বছরের ১৯ সেপ্টেম্বর গোলাম আযমের শাস্তি হবে জেনে জামায়াত আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করে। এবারও তারা একই কাজ করেছে। তারা কঠোর শাস্তি পাবে।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হবে। পুলিশকে জামায়াতের কর্মীদের দমনে নতুন কৌশল অবলম্বন করতে হবে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌনে পাঁচটার দিকে জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে কারাগারে পাঠানোর প্রতিবাদে জামায়াতের ঢাকা মহানগর কমিটি শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি দৈনিক বাংলার কাছে যাওয়ার পর জামায়াতের কর্মীরা যাত্রীবাহী কয়েকটি পরিবহনে ইটপাটকেল ছোড়েন। এরপরে তাঁরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালান।পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন ও পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।