পুলিশকে ফোন করার আধা ঘণ্টার মধ্যে শ্রমিক লীগের নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগে গতকাল বুধবার সকালে চায়ের দোকানে ঢুকে ওয়ার্ড শ্রমিক লীগের নেতা মোক্তার হোসেনকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ইয়াবা ব্যবসায়ী আবুলের এলাকায় প্রবেশের তথ্য ফোন করে পুলিশকে দেওয়ার আধা ঘণ্টার মধ্যে তিনি খুন হন।মোক্তার ২৩ নম্বর ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। স্বজন ও এলাকাবাসী জানান, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মোক্তার খুন হয়েছেন। পুলিশেরও ধারণা, ইয়াবা ব্যবসায়ীদের হাতে তিনি খুন হয়েছেন।মোক্তারের ফোন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান প্রথম আলোকে বলেন, মোক্তার সকালে ইয়াবা ব্যবসায়ী আবুলকে ধরার জন্য ফোন করেছিলেন। তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছিলেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল সোয়া নয়টার দিকে মোক্তার মালিবাগ চৌধুরীপাড়ায় আবুল হোটেলের পেছনে একটি চায়ের দোকানে বসে কথা বলছিলেন। একপর্যায়ে সাত-আটজন সন্ত্রাসী চাপাতি নিয়ে সেখানে ঢুকে মোক্তারকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। দুপুর পৌনে ১২টার দিকে মোক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ও র্যাব কর্মকর্তারা ঘটনাস্থলে যান।দুপুরে ওই চায়ের দোকানের সামনে গিয়ে দেখা যায়, দোকানটি বন্ধ, দোকানের সামনে ছোপ ছোপ রক্তের দাগ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানান, কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা অতর্কিতে ছুরি ও চাপাতি উঁচিয়ে দোকানে ঢুকে মোক্তারকে কুপিয়ে চলে যায়। সন্ত্রাসীদের হাতে ধারালো অস্ত্র থাকায় তাঁরা মোক্তারকে বাঁচাতে এগিয়ে আসার সাহস পাননি।মোক্তারের ভাই সিরাজুল ইসলাম হাসপাতালে সাংবাদিকদের বলেন, শ্রমিক লীগ করার পাশাপাশি মোক্তার মালিবাগ চৌধুরীপাড়ায় একটি পোশাক কারখানার শ্রমিক সরদার ছিলেন। ঈদের দুই-তিন দিন আগে মোক্তার ওই এলাকায় ইয়াবা বড়ি বিক্রিতে স্থানীয় সন্ত্রাসীদের বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা এই হত্যাকাণ্ড ঘটায়।স্থানীয় বাসিন্দারা জানান, মোক্তার মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। দেড় বছর আগে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়ে তাঁর একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়।মোক্তার সপরিবারে ১১০/৩ পূর্ব রামপুরায় থাকতেন। প্রতিবেশী মো. লিটন জানান, কয়েক দিন আগে মোক্তার ইয়াবা ব্যবসায়ী আবুল, আকাশ ও তাদের সহযোগীদের এলাকা ছাড়তে বলেছিলেন। এ নিয়ে তখন তাদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। তারা মোক্তারকে প্রাণনাশের হুমকি দেয়। এর আগে আবুল ও আকাশ বাহিনীর দুই সন্ত্রাসীকে তিনি পুলিশে ধরিয়ে দিয়েছিলেন। এতেও তারা মোক্তারের ওপর ক্ষুব্ধ ছিল। লিটন অভিযোগ করেন, পুলিশ মাদক ব্যবসায়ীদের না ধরে নিরীহ মানুষদের ধরে নিয়ে যায়। এরও প্রতিবাদ করতেন মোক্তার।২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান বলেন, ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মোক্তারতে প্রাণ দিতে হয়েছে। এলাকার প্রধান সমস্যা ইয়াবা ব্যবসা।রমনা থানার ওসি বলেন, সাড়ে ৩০০ ইয়াবা বড়িসহ এর আগে আবুল ও আকাশকে বাড্ডা থেকে গ্রেপ্তার করা হলেও তারা কিছুদিন পর জামিনে মুক্ত হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।মোক্তারের গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রসাদের চরে। মৃত্যুর খবর পেয়ে দুই শিশুসন্তান নিয়ে মোক্তারের স্ত্রী মৌসুমী আক্তার হাসপাতালে ছুটে যান। তিনি বিলাপ করে বলেন, ‘এখন আমার বাচ্চা দুইটার কী হবে? ওদের কে দেখবে?’ দুই ও তিন বছরের দুই মেয়ে এ সময় মায়ের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। স্বজনেরা মৌসুমীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।