পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারে বিশ্বাসী নই (ভিডিও)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা পুলিশ বাহিনীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারে বিশ্বাসী নই। পুলিশ বাহিনী আইন অনুযায়ী জননিরাপত্তা বিধানে কাজ করবে।’আজ মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।শেখ হাসিনা বলেন, আইন ভঙ্গকারী যত শক্তিশালী হোক না কেন, তাকে আইনের আওতায় আনাই পুলিশের কাজ। পুলিশ বাহিনীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, অপরাধী শনাক্তকরণ ও গোয়েন্দা তথ্য সংগ্রহে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। ই-পুলিশিং বাস্তবায়নে বিশেষ দক্ষতা বাড়াতে হবে। অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করে অপরাধ মোকাবিলা করতে হবে। প্রধানমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইন মাঠে পুলিশ প্যারেডের বার্ষিক কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। এ সময় একাধিক মন্ত্রী-সচিবসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী কুচকাওয়াজ মাঠে এলে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার তাঁকে স্বাগত জানান। পুলিশের ৬৭ জন সদস্যকে বিভিন্ন ধরনের পদক দেন প্রধানমন্ত্রী।