পুলিশকে হতে হবে ধৈর্যশীল, মানবিক: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেছেন, দায়িত্ব পালনে পুলিশকে হতে হবে তীক্ষ বুদ্ধিমত্তার অধিকারী, ধৈর্যশীল, মানবিক ও পেশাদার।আজ বৃহস্পতিবার রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে ৩০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (এএসপি) শিক্ষা সমাপনী কুচকাওয়াজে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের। শেখ হাসিনা বলেন, সব ধরনের আইন ও পেশাগত বাধ্যবাধকতা মেনেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যথাযথভাবে তাঁদের দায়িত্ব পালন করতে হবে। যেখানে শৃঙ্খলাজনিত বিষয় সংশ্লিষ্ট, সেখানে সরকার কাউকে ছাড় দেবে না।পুলিশ বাহিনীকে জনগণের বন্ধু হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক শান্তি বজায় ও সন্ত্রাসবাদ দমনে প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে সব সময় জনগণের সেবা করা হচ্ছে পুলিশের পবিত্র দায়িত্ব। তাদের বিপদগ্রস্ত মানুষের পাশে বন্ধুর মতো দাঁড়াতে হবে।প্রধানমন্ত্রী নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘তোমাদের বিপদগ্রস্ত মানুষের পাশে বিশ্বস্ত বন্ধুর মতো দাঁড়াতে হবে। বিশেষ করে নারী ও শিশুর প্রতি যেন কোনো অবহেলা না হয়, সেদিকে সর্বোচ্চ দৃষ্টি রাখতে হবে।’এর আগে প্রধানমন্ত্রী পুলিশ একাডেমিতে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও একাডেমির অধ্যক্ষ নাঈম আহমেদ তাঁকে স্বাগত জানান।এক বছরের কোর্স সম্পন্নকারী মোট ৩৭ জন প্রবেশনারি এএসপি কুচকাওয়াজে অংশ নেন। কুচকাওয়াজ পরিচালনা করেন প্যারেড কমান্ডার এএসপি লিমন রায়। প্রধানমন্ত্রীর কাছ থেকে মো. শাকিল আহমেদ বেস্ট হর্সম্যানশিপ এবং শেখ মো. আবদুল্লাহ বিন কালাম বেস্ট ইন একাডেমিক ও বেস্টম্যান কাপ পদক গ্রহণ করেন।