পুলিশি তদন্তে নেই গতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর ছাত্রশিবিরের সশস্ত্র হামলা, হতাহত, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার এক বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত ওই সব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার হয়নি। বিচার হওয়া তো দূরের কথা, এমনকি মামলার তদন্তই পুলিশ এখন পর্যন্ত শেষ করতে পারেনি বলে জানা গেছে।গত বছরের ৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রশিবির বর্বর ও নৃশংসভাবে সশস্ত্র হামলায় চালিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ও বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শেষবর্ষের শিক্ষার্থী ফারুক হোসেনকে খুন করে। পরের দিন ৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলের পাশের একটি ম্যানহোলে তাঁর লাশ পাওয়া যায়। এসব ঘটনাকে কেন্দ্র করে এবং প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ছাত্রশিবিরের বিরুদ্ধে নগরের মতিহার থানায় ছাত্রলীগের পক্ষ থেকে মোট ১৪টি মামলা করা হয়।মামলার বর্তমান অবস্থাগত বছরের ৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগের কর্মী ফারুক হোসেনকে হত্যা করাসহ হামলা, হতাহত, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করার এক বছর পেরিয়ে গেলেও এখনো অভিযোগের তদন্তই শেষ করতে পারেনি পুলিশ। এ পর্যন্ত তিনবার মামলার তদন্ত কর্মকর্তা বদল করা হয়েছে। এরপর গত বছরের নভেম্বর মাসে মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক তোফাজ্জল হোসেন খান মামলাটি বর্তমানে তদন্ত করছেন। তবে এখনো এই মামলায় গ্রেপ্তার সব আসামিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারেনি। তাদের জিজ্ঞাসাবাদ করার আগে এ মামলায় অভিযোগপত্র দেওয়া সম্ভব নয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।মতিহার থানা ও আদালত সূত্রে জানা যায়, হতাহত, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্রশিবিরের বিরুদ্ধে করা ১৪টি মামলার মধ্যে পাঁচ নম্বর মামলাটি হচ্ছে ফারুক হত্যাসংক্রান্ত। ছাত্রলীগের সদ্য স্থগিত করা কমিটির সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম বাদী হয়ে মতিহার থানায় এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে ৩৫ জনকে আসামি করা হয়। ৩৫ জন আসামির মধ্যে ২৫ জন সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন, একজন মারা গেছেন এবং চারজন পলাতক রয়েছেন। আর এ মামলায় এখন পর্যন্ত মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে এজাহারভুক্ত আসামি মাত্র পাঁচজন। এ ছাড়া সন্দেহভাজন হিসেবে আরও ২০ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে আছেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান, ওই দলের কেন্দ্রীয় নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী ও দেলাওয়ার হোসাইন সাঈদী। তবে কেন্দ্রীয় এই তিন নেতা অন্য মামলায় গ্রেপ্তার হওয়ার পর তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের গ্রেপ্তারের পরপরই মামলার তদন্ত কর্মকর্তা এই তিন নেতাকে রিমান্ডে নেওয়ার জন্য রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতে আবেদন করেছিলেন। কিন্তু যুদ্ধাপরাধসংক্রান্ত মামলায় গ্রেপ্তার হওয়ার কারণে সে সময় তাঁদের রাজশাহীতে পাঠানো সম্ভব হয়নি।সূত্র জানায়, মুজাহিদ, সাঈদী ও নিজামীকে রিমান্ডে নেওয়ার আবেদনের শুনানি হবে ১৪ ফেব্রুয়ারি। এরপর রিমান্ড মঞ্জুর হলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। এই তিন নেতাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার আগে এ মামলার অভিযোগপত্র দেওয়া সম্ভব হচ্ছে না।বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির প্রতিবেদন জমা৮ ফেব্রুয়ারির ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি তদন্ত শেষে সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর প্রতিবেদন জমা দিয়েছে বলে জানা গেছে। কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক গোলাম কবীর সাংবাদিকদের জানান, কমিটি তদন্ত শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। তবে তদন্তে কী পাওয়া গেছে বা কারা অভিযুক্ত হয়েছে, সে ব্যাপারে তিনি কিছু বলেননি।ফারুকের অসহায় পরিবারফারুক হোসেনের পিতা ফজলুর রহমান ও মা হাছনা বানু জানান, তাঁদের অসহায় ও দরিদ্র পরিবারের একমাত্র আশার ধনকে হারিয়ে তাঁরা বহু কষ্টে দিনাতিপাত করছেন। তাঁরা তাঁদের সন্তান হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত বিচার দাবি করেন।পুলিশ প্রশাসনের বক্তব্যফারুক হোসেন হত্যা মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা ও রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক তোফাজ্জল হোসেন খান জানান, মামলার তদন্ত চলছে, তবে মামলাটি অত্যন্ত জটিল। তিনি বলেন, এ মামলার ৩৫ জন এজাহারভুক্ত আসামির পরিচয় পাওয়া গেছে। রাজশাহীর পুলিশ কমিশনারও সার্বিকভাবে তাঁকে সহযোগিতা করছেন উল্লেখ করে তিনি বলেন, খুব দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্যবিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান বলেন, হতাহত, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গঠিত কমিটি সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফারুক হোসেনের অসহায় পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।