পুলিশি বাধার কারণে নয়াপল্টনে যুবদলের সমাবেশ পণ্ড
নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশি বাধার কারণে আজ মঙ্গলবার যুবদল তাদের পূর্বনির্ধারিত প্রতিবাদ সমাবেশ করতে পারেনি। তবে পুলিশ বলেছে, অনুমতি না থাকায় সেখানে কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি।সমাবেশ করতে না দেওয়ায় যুবদলের নেতারা তিন দিনের প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। কর্মসূচির মধ্যে আছে ১৯ মার্চ সারা দেশের পৌরসভা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ, ২০ মার্চ জেলা ও মহানগরে এবং ২২ মার্চ ঢাকায় কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ সমাবেশ পালন।যুবদলের নেতারা জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের বাড়িতে হামলা, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হককে গ্রেপ্তার, প্রচার সম্পাদক জয়নাল আবদিনের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।কর্মসূচি করতে না দেওয়ায় তাত্ক্ষণিক সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, এটা ছিল নিয়মতান্ত্রিক কর্মসূচি। এ ধরনের কর্মসূচিতে বাধা দিয়ে সরকার স্বৈরাচারী ও সামরিক শাসকের মতো আচরণ করেছে। তিনি অভিযোগ করেন, সমাবেশে বাধা দিতে পুলিশ জলকামান ও ব্যারিকেড দিয়ে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান প্রথম আলোকে জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয় থেকে সড়কের ওপর সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। সমাবেশের অনুমতি না থাকার কারণেই বাধা দেওয়া হয়েছে।