পুলিশি ব্যারিকেডের মধ্যে বিএনপির মানববন্ধন
প্রথমে পুলিশের বাধা এবং পরে পুলিশের ব্যারিকেডের মধ্যে ছাত্রদলের পূর্বনির্ধারিত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন হয়। আজ ছাত্রদলের পূর্বনির্ধারিত মানববন্ধন হওয়ার কথা ছিল। হত্যা, গুম, দ্রব্যমূল্য বৃদ্ধি ও পুলিশি হয়রানির প্রতিবাদে ছাত্রদল তিন দিনের কর্মসূচির আজ ছিল শেষ দিন। বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাবের সামনে ছাত্রদল মানববন্ধন শুরু করে। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। পরে পুলিশের ব্যারিকেডের মধ্যে সীমিত আকারে মানববন্ধন করে ছাত্রদল। মানববন্ধনে অংশ নেওয়ার পরে বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান বলেন, সরকার বিএনপির গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ কখনো গণতন্ত্র পছন্দ করেনি। দলটি গণতন্ত্রে বিশ্বাস করে না।মানববন্ধনে অংশ নেন ছাত্রবিষয়ক সম্পাদক ও সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক প্রমুখ।