পুলিশি হামলায় পণ্ড রামদেবের অনশন
ভারতে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির দাবিতে যোগগুরু বাবা রামদেবের আমরণ অনশন কর্মসূচি পণ্ড করে দিয়েছে দিল্লি পুলিশ। এ সময় স্বামী রামদেবকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়।দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রাত একটার দিকে সরকার হঠাত্ করে বাবা রামদেবের কর্মসূচির অনুমতি বাতিল করে। দিল্লি পুলিশ রামদেবকে ওই স্থান ত্যাগ করার নির্দেশ দেয়। পুলিশ জানায়, সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।যোগগুরুকে গ্রেপ্তার করা হতে পারে—এ খবর শোনার পর সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। রামদেবের সমর্থক একদল নারী মানববর্ম তৈরি করে তাঁকে ঘিরে রাখেন। এ সময় পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বিবিসি অনলাইনে জানানো হয়েছে, পুলিশের হামলায় রামদেবের প্রায় ৩০ জন সমর্থক আহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বাবা রামদেবকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও কালো টাকার মালিকদের মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির দাবিতে ভারতের এই যোগগুরু গতকাল শনিবার সকাল থেকে আমরণ অনশন শুরু করেন। রাজধানী নয়াদিল্লির রামলীলা ময়দানে এ কর্মসূচি শুরু হয়। রামদেবের সঙ্গে যোগ দেন তাঁর কয়েক হাজার অনুসারী। দুর্নীতি রোধে সরকারের কাছে কয়েকটি দাবি পেশ করেন রামদেব। দাবি পূরণ না হওয়া পর্যন্ত জলস্পর্শ করবেন না বলে ঘোষণা দেন তিনি। গত শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিবালসহ কংগ্রেস নেতারা রামদেবের সঙ্গে দীর্ঘ বৈঠক করে কর্মসূচি প্রত্যাহারে তাঁকে রাজি করাতে ব্যর্থ হন। গতকাল ভোর সাড়ে চারটার দিকে রামলীলা ময়দানে যান রামদেব। অনশন শুরুর আগে সেখানে জড়ো হওয়া কয়েক হাজার অনুসারীকে প্রথমে যোগব্যায়ামের অনুশীলন করান। সেখানে ভজন পরিবেশন করা হয়। এ সময় ভক্তদের উদ্দেশে রামদেব বলেন, ‘কোনো কিছুই অসম্ভব নয়, সবই সম্ভব। আমরা এ আন্দোলনে পরাজিত হব না। দেশকে দুর্নীতি থেকে রক্ষাসহ দরিদ্র মানুষের উন্নত জীবন নিশ্চিত করতেই এ কর্মসূচি।’ একই দাবিতে রামদেবের অনুসারীরা ওডিশা রাজ্য ও মুম্বাই শহরেও অনশন শুরু করেছেন।