পুলিশি হেফাজতে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ
রাজধানীর গুলশান থানা হেফাজতে গতকাল বুধবার রাতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহতের পরিবারের দাবি, পুলিশ হেফাজতে তাঁকে গুলি করে মারা হয়েছে। আর পুলিশ বলছে, গুলশানে ছিনতাইকালে পুলিশের গুলিতে সে মারা যায়। নিহতের নাম মিজানুর রহমান (৩৫)। নিহতের স্ত্রী তাসলিমা আক্তারের দাবি, মিজানুর ফোন-ফ্যাক্সের ব্যবসায়ী। তাঁর বাসা গুলশানের নয়ানগরে। সিএনজিচালিত অটোরিকশা চুরির অভিযোগে দায়ের করা একটি মামলায় তাঁকে গত সোমবার গুলশান থানার উপপরিদর্শক আনিসুর রহমান গ্রেপ্তার করে নিয়ে যান, অথচ মিজানুর একজন ব্যবসায়ী।তাসলিমা জানান, পুলিশ তিন দিন আগে নয়ানগরের বাসা থেকে মিজানুরকে গ্রেপ্তার করে। তিনি গতকাল রাতেও তাঁর স্বামীকে থানায় গিয়ে রুটি ও কলা দিয়ে আসেন। এ সময় মিজানুর সুস্থ ছিলেন। কিন্তু আজ সকালে পুলিশ তাঁর স্বামীর মৃত্যর খবর দিলে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। সেখানে গিয়ে তিনি মিজানুরের গায়ে গুলির আঘাতের চিহ্ন দেখতে পান।গুলশান থানার ডিউটি অফিসার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, গতকাল রাতে গুলশান দুই নম্বরের ৪২ নম্বর রোডের ২৮ নম্বর বাড়ির সামনে একদল ছিনতাইকারী পথচারীদের ছিনতাই করছিল। এ সময় পুলিশ তাদের ধরতে গেলে উভয়পক্ষে গুলি বিনিময় হয়। এ সময় মিজানুর গুলিবিদ্ধ হয়। পরে রাত একটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আজ ভোরের দিকে তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, পাঁচটি গুলি উদ্ধার করে। এ ঘটনায় ওই ছিনতাইকারী দলের তিন সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।