পুলিশে আপাতত পদ উন্নীত করা হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ পরিদর্শকদের (ইন্সপেক্টর) পদ দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণী এবং উপপরিদর্শক (এসআই) ও সার্জেন্টদের পদ তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা আপাতত হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টি পুলিশ সদর দপ্তরকে জানানো হয়েছে।বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানিয়েছেন, এবার পুলিশ সপ্তাহের বিভিন্ন কর্মসূচিতে তাঁরা গ্রেড-১ ভুক্ত পদ বাড়ানো, বিশেষায়িত পুলিশ ইউনিট গঠন, জঙ্গি-সন্ত্রাস দমনে নতুন ইউনিট গঠন, প্রশিক্ষণ পুলিশের সংখ্যা বাড়ানোসহ বিভিন্ন দাবির কথা সরকারকে জানাবেন। ৪ জানুয়ারি থেকে বার্ষিক পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে।পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশ সপ্তাহ শুরুর আগেই পদ উন্নীত করার ঘোষণা দেওয়ার চিন্তাভাবনা করা হলেও এখন তা আর হচ্ছে না। মন্ত্রণালয় থেকে পুলিশকে জানানো হয়েছে, এ প্রক্রিয়া শেষ করতে অনেক সময় লাগবে।পদ উন্নীত করার বিষয়ে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, কিছু ক্ষেত্রে সময় লাগতে পারে। তবে সরকার এ বিষয়ে আন্তরিক। দ্রুত বিষয়টির সমাধান করা হবে।পুলিশ সূত্র জানায়, পদ উন্নীত করা পুলিশের দীর্ঘদিনের দাবি। প্রধানমন্ত্রীও এ প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ কারণে সবাই আশা করেছিলেন, এবার পুলিশ সপ্তাহে এ-সংক্রান্ত ঘোষণা আসবে।কিন্তু মন্ত্রণালয় থেকে পুলিশকে বলা হয়েছে, এ ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে পুলিশ সদস্যদের শিক্ষাগত যোগ্যতা। কারণ ১৯৯০ সালের আগে এ পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা ছিল অষ্টম ও দশম শ্রেণী পাস। কিন্তু এখন পদ উন্নীত হলে অষ্টম ও দশম শ্রেণী উত্তীর্ণরাও প্রথম শ্রেণীর মর্যাদা পেয়ে যাবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় মনে করছে, যাঁদের প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগ লাভের শিক্ষাগত যোগ্যতা নেই, তাঁদের পদমর্যাদা দেওয়া ঠিক হবে না। এ ছাড়া পদমর্যাদা ঠিক করার আগে পরিদর্শক, উপপরিদর্শক এবং সার্জেন্ট পদের নিয়োগবিধি, পদোন্নতি, শৃঙ্খলা বিধিমালা তৈরি করার দরকার বলে সংস্থাপন মন্ত্রণালয় মতামত দিয়েছে।পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে পুলিশ কর্মকর্তাদের একাধিক বৈঠক হবে। বৈঠকে পুলিশের পক্ষ থেকে বেশ কিছু দাবি সরকারকে জানানো হবে। এসব দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো পুলিশ কর্মকর্তার পদের সংখ্যা বাড়ানো। পুলিশ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, সরকার নতুন করে ৩২ হাজার পুলিশ সদস্য নিয়োগ করছে। এসব পদের বিপরীতে তিন হাজার কর্মকর্তার পদ থাকার দরকার। এ নিয়োগ-প্রক্রিয়া এখন থেকে শুরু করতে না পারলে ২০১৩ সালের মধ্যে আর নিয়োগ দেওয়া সম্ভব হবে না। পুলিশের আরেকটি দাবি হলো, প্রথম শ্রেণীর পদের সংখ্যা বাড়ানো। বর্তমানে পুলিশের আইজি ছাড়া গ্রেড-১ভুক্ত আর কোনো কর্মকর্তা নেই। পুলিশের দাবি, তাদের ক্যাডারের অনুপাতে গ্রেড-১ভুক্ত কর্মকর্তার সংখ্যা ১০টি হওয়া উচিত। এর পাশাপাশি বিদেশ মিশনে পুলিশ নিয়োগ করার দাবিও জানাবেন তাঁরা।পুলিশ সূত্র জানায়, আইজিপির পদমর্যাদা ছিল তিন তারকা জেনারেলের সমমানের। কিন্তু ১৯৮৩ সালে তা কমিয়ে দুই তারকা করা হয়। পুলিশের দাবি, আইজির পদ তিন তারকা করা হোক। অনেক দেশে আইজির পদ চার তারকা জেনারেলের সমান বলে পুলিশ কর্মকর্তারা জানান। এ ছাড়া বিভিন্ন ধরনের অপরাধ দমনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, ন্যাশনাল ব্যুরো অব কাউন্টার টেররিজম ও জঙ্গি অপরাধ দমনে বিশেষ ধরনের শাখা গঠনের দাবি জানাবে পুলিশ অ্যাসোসিয়েশন।এ দাবির ব্যাপারে জানতে চাইলে বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, বিভিন্ন বৈঠকে পুলিশের পক্ষ থেকে কিছু বিষয় সরকারের নজরে দেওয়া হবে, যাতে সরকার এসব বিষয়ে নজর দেয়।