পুলিশে ঊর্ধ্বতন আট পদে রদবদল
পুলিশের উচ্চপর্যায়ের আটটি পদে রদবদল করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ রদবদলের কথা জানানো হয়।বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে মিরপুরের পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) নাইম আহমেদকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ হিসেবে বদলি করা হয়েছে। অতিরিক্ত আইজিপি পদে সদ্য পদোন্নতি পাওয়া শেখ হিমায়েত হোসেন ও আমির উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজি পদে বদলি করা হয়েছে। হিমায়েত হোসেন আগে খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ছিলেন। আমির উদ্দিন পুলিশ সদর দপ্তরের ডিআইজি ছিলেন। অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া নাজমুল হককে পুলিশ স্টাফ কলেজের রেক্টর পদে বদলি করা হয়েছে। তিনি উত্তরা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি ছিলেন।সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ (ডিআইজি) আমিনুল ইসলামকে ঢাকা সিআইডির ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. মনিরুজ্জামানকে এপিবিএনের ডিআইজি পদে বদলি করা হয়েছে।দুজন অতিরিক্ত ডিআইজিকে চলতি দায়িত্বে ডিআইজি পদে বদল করা হয়েছে। র্যাবের পরিচালক পদে প্রেষণে নিয়োজিত মেজবাহ উদ্দিনকে খুলনা রেঞ্জের ডিআইজি ও ঢাকা সিআইডির অতিরিক্ত ডিআইজি ইকবাল বাহারকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি পদে বদলি করা হয়েছে।