পুলিশে এসআই নিয়োগে রাজনৈতিক তদবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের এসআই পদে নিজেদের পছন্দের প্রার্থী নিয়োগ দিতে তদবির করেছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, মেয়র, সাংসদ, সচিব এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত দেহরক্ষী ও প্রটোকল কর্মকর্তা পর্যন্ত। এ ক্ষেত্রে পিছিয়ে নেই সরকারি দলের নেতা-কর্মীরাও। পুলিশ বাহিনীতে এখন এক হাজার উপ-পরিদর্শক (এসআই) নিয়োগের প্রক্রিয়া চলছে।তদবিরকারীদের একটি তালিকা তৈরি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে দেখা গেছে, এক হাজার প্রার্থীর মধ্যে এ পর্যন্ত প্রায় ৩০০ জনের পক্ষে তদবির করা হয়েছে। এ তালিকায় ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও ৩৩ জন সাংসদের নামও আছে।এসব সুপারিশের ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক প্রথম আলোকে বলেন, ‘নিজেদের সংরক্ষণের জন্য এ ধরনের তালিকা করা হয়েছে। যাঁরা সুপারিশ করেছেন, তাঁরা জনপ্রতিনিধি বা দলীয় লোক। সুপারিশ করার অধিকার তাঁদের রয়েছে। কিন্তু আমাদের নিয়মের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছর ৪৩৪ জন এসআই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংখ্যা বাড়িয়ে এক হাজার করে।সারা দেশে এসআই নিয়োগের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার মধ্যে সাধারণের জন্য ৭০ শতাংশ ও মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ শতাংশ কোটা। লিখিত পরীক্ষা শেষে কমবেশি এক হাজার ৮০০ জনকে নির্বাচন করে মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে। দু-এক সপ্তাহের মধ্যে এর ফল ঘোষণা করা হবে।এর আগে চারদলীয় জোট সরকারের আমলে ৮৩০ জন এসআইসহ দলীয় বিবেচনায় পুলিশে লোক নেওয়া হয়। তাঁদের অধিকাংশই বিএনপি ও জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মী বা তৎকালীন মন্ত্রী ও বিএনপির সাংসদদের আত্মীয়স্বজন বলে অভিযোগ রয়েছে।এ বিষয়ে জানতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদের সচিব আকবর আলি খান প্রথম আলোকে বলেন, মেধার ভিত্তিতে কোটার আওতায় এ নিয়োগ হওয়া উচিত। যাঁরা চাকরি করবেন তাঁরা যদি দলীয় বা বিতর্কিত হন, তাহলে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে যাবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জেলাওয়ারি এসআই নিয়োগের জন্য যে কোটা রাখা হয়েছে, তা অপ্রতুল। জেলায় জেলায় এসআই পদের কোটা বাড়ানোর ব্যাপারে যেমন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাংসদদের পক্ষ থেকে দাবি রয়েছে, তেমনি তাঁদের প্রার্থীরা যাতে এসআই পদে নিয়োগ পান, সে ব্যাপারেও রয়েছে জোর তদবির। এসআই পদে নিয়োগের জন্য প্রতিমন্ত্রী, সাংসদ থেকে শুরু করে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের তদবির সামাল দিতে দিনের কিছুটা সময় ব্যস্ত থাকতে হয় সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রীকে।পুলিশের সাবেক মহাপরিদর্শক এ এস এম শাহজাহান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। বিধি-বহির্ভূত যেকোনো নিয়োগই দুর্নীতিকে উৎসাহিত করে। মেধা, স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ না হলে পুলিশের শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হয়। নিয়োগের মধ্যে স্বচ্ছতা না থাকলে দক্ষ বাহিনী গড়ে উঠবে না।তদবিরকারীর তালিকা: এসআই পদে নিয়োগে যাঁরা সুপারিশ-তদবির করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁদের জেলাওয়ারি একটি তালিকা করেছে। তালিকায় ব্যক্তি থেকে শুরু করে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাংসদ ও সরকারি দলের নেতাদের নাম রয়েছে।নিয়োগ কমিটির প্রধান ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ফনী ভূষণ চৌধুরী প্রথম আলোকে বলেন, সুপারিশ আসতেই পারে। তবে এ ধরনের কোনো তালিকা বা সুপারিশ তিনি এখন পর্যন্ত পাননি বলে জানান।এসআই পদে মৌখিক পরীক্ষা দিয়েছেন, এমন প্রায় ৪০ জনের জন্য তদবির করেছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক সুপারিশ করেছেন টাঙ্গাইল জেলার আটজন প্রার্থীর জন্য। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন মাদারীপুর জেলার ছয়জনের জন্য এবং আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সুপারিশ করেছেন তিন প্রার্থীর জন্য।এ ব্যাপারে আইন প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘আমি নির্বাচিত জনপ্রতিনিধি। তদবির করতেই পারি। এলাকার মানুষের জন্য অতীতে তদবির করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব।’বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক সুপারিশ করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার ছয় প্রার্থীর জন্য। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন সুপারিশ করেছেন সাত প্রার্থীর জন্য। প্রথম আলোকে তিনি বলেন, ‘তাঁদের যোগ্যতা বা মেধার ব্যাপারে আমি কিছু জানি না। আমার কাছে অনেকেই এসেছেন, সুপারিশও করেছি। কিন্তু এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।’যেসব সাংসদ সুপারিশ করেছেন: সাংসদ তানজিম আহমদ সোহেল তাজ গাজীপুর, নেত্রকোনা ও মুন্সিগঞ্জের তিন প্রার্থীর জন্য সুপারিশ করেছেন। রাজশাহীর সাংসদ শাহরিয়ার আলম সুপারিশ করেছেন চার প্রার্থীর জন্য। প্রথম আলোর কাছে তিনি সুপারিশ করার কথা স্বীকার করেন।সাংসদ জাফর আলী কুড়িগ্রাম জেলার ছয় প্রার্থীর জন্য ও ময়মনসিংহ জেলার দুই প্রার্থীর জন্য তদবির করেছেন সাংসদ মতিউর রহমান। প্রথম আলোকে মতিউর রহমান জানান, তিনি কাদের জন্য সুপারিশ করেছেন, তা মনে পড়ছে না। তবে অনেকেই এসেছিলেন এবং তিনি সুপারিশও করেছেন।জয়পুরহাট জেলার প্রার্থীর জন্য তদবির করেছেন দুই সাংসদ ফজলে নূর তাপস ও মাহফুজা মণ্ডল, শরীয়তপুর জেলায় চার প্রার্থীর জন্য সুপারিশ করেছেন সাংসদ আবদুর রাজ্জাক। সুপারিশ করেছেন ঢাকার সাংসদ আসলামুল হকও। তিনি বলেন, ‘সুপারিশ করা মন্দ কিছু নয়, জনপ্রতিনিধি হিসেবে আমার কাছে যাঁরা এসেছেন, তাঁদের জন্য সুপারিশ করেছি।’প্রধানমন্ত্রীর কার্যালয়: প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা-২ প্রলয় কুমার জোয়াদ্দার তদবির করেছেন ১৪ জনের জন্য। তাঁদের মধ্যে দুজন গাজীপুরের প্রার্থী, সাতজন নেত্রকোনার, তিনজন ময়মনসিংহের ও দুজন কিশোরগঞ্জের। প্রধানমন্ত্রীর একজন অ্যাসাইনমেন্ট কর্মকর্তা সুপারিশ করেছেন নাটোরের একজন প্রার্থীর জন্য।নেতা-কর্মীদের মধ্যে সুপারিশ করেছেন যাঁরা: ময়মনসিংহ জেলার দুই প্রার্থীর জন্য সুপারিশ করেছেন ছাত্রলীগের সহসভাপতি আরিফুল ইসলাম, গোপালগঞ্জ জেলার দুই প্রার্থীর জন্য সুপারিশ করেছেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি। নারায়ণগঞ্জ জেলার এক প্রার্থীর জন্য সুপারিশ করেছেন শেখ রাসেল পরিষদের সাধারণ সম্পাদক মজিবর রহমান হাওলাদার। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর তদবির করেছেন কিশোরগঞ্জের দুই প্রার্থীর জন্য।রাজশাহী জেলায় মোট ১৯ প্রার্থীর জন্য তদবির করা হয়েছে। তদবিরকারীদের মধ্যে রয়েছেন: রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অনিল কুমার সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি পি এস শফিকুল ইসলাম। এ ছাড়া রাজশাহীর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান সুপারিশ করেছেন পাঁচজনের জন্য। বিএনপিপন্থী বলে চিহ্নিত: পুলিশি তদন্ত হওয়ার আগেই সুপারিশ আসা ১৭ জনকে বিএনপি-জামায়াতপন্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জনের জন্য সাংসদ শাহরিয়ার আলম ও ১০ জনের জন্য সুপারিশ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক।পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ এ বিষয়ে প্রথম আলোকে বলেন, সুপারিশে কিছু আসে-যায় না, যোগ্যতা বা মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে কি না, সেটাই বড় কথা। এবার লিখিত পরীক্ষার ফল যেভাবে দেওয়া হয়েছে, তা আগে কখনো হয়নি।