পুলিশে তিন বছরে ১৩ হাজার লোক নিয়োগ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ বাহিনীতে আগামী তিন বছরে ১৩ হাজার ৩৯১ জন লোক নিয়োগ করা হবে। গত বৃহস্পতিবার সরকার এ ব্যাপারে অনুমোদন দিয়েছে।জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, পুলিশ বাহিনীতে জনবল-সংকটই এখন মুখ্য ব্যাপার। জনবল না থাকায় পুলিশের কাজে অনেক অসুবিধা হচ্ছে। বাড়তি জনবল পেলে সমস্যা অনেকটাই দূর করা সম্ভব হবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, নতুন পদের মধ্যে পরিদর্শকের ৫৭৩টি পদ, এসআই/সার্জেন্টের এক হাজার ৩১৪টি, এএসআই/হেড কনস্টেবলের এক হাজার ৬৭টি, নায়েক ১৩০টি ও কনস্টেবল পদ আছে নয় হাজার ৩০২টি। এ ছাড়া চার বৃহত্তর জেলা—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় মোট এক হাজার পদ সৃষ্টি করা হয়েছে। এসব পদের জন্য সরকারকে বাড়তি ব্যয় করতে হবে ৩০০ কোটি টাকা। বর্তমানে পুলিশের বার্ষিক বাজেট তিন হাজার কোটি টাকার বেশি।মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এর আগে ১৭ হাজার পদের জন্য প্রস্তাব করা হয়েছিল। এর মধ্যে বৃহস্পতিবার প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটি ১৩ হাজার ৩৯১ জনের ব্যাপারে অনুমোদন দেয়।এত কম সময়ে কীভাবে এত পদ পূরণ করা হবে, জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বলেন, এখন প্রতি ছয় মাস পরপর নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। এসআই, সার্জেন্ট ও কনস্টেবল পদে একসঙ্গে নিয়োগ চলবে। তবে পুলিশ প্রশিক্ষণকেন্দ্রগুলোতে একসঙ্গে এত লোকের প্রশিক্ষণের সুবিধা নেই বলেও জানান তাঁরা। বর্তমানে সব প্রশিক্ষণকেন্দ্র ও একাডেমি মিলে বছরে ছয় হাজারের মতো লোকের প্রশিক্ষণ দেওয়া সম্ভব। এ কারণে লোক নিয়োগে বিলম্ব হচ্ছে।তবে সদর দপ্তরের অন্য একটি সূত্র জানায়, দেড় বছর আগে এসআই নিয়োগের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, সেগুলোই এখনো শেষ করা সম্ভব হয়নি। এসব পদে নিয়োগের জন্য দলীয় নেতা-কর্মীরা সুপারিশ করেছেন। এ ছাড়া এক হাজার কনস্টেবল নিয়োগের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তা-ও শেষ হয়নি।জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী প্রথম আলোকে বলেন, বেশির ভাগ পদ পূরণে নতুন নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া কিছু কিছু পদোন্নতি দিয়ে পদ পূরণ করা হবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের ৬৪ জেলায় পুলিশের বিভিন্ন পদে ১২ হাজার ৩৯১ জন লোক নিয়োগ করা হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা মহানগর এলাকার জন্য ট্রাফিক পুলিশ নেওয়া হবে আরও এক হাজার।২০০৯ থেকে ২০১১ সালে পুলিশের বিভিন্ন পদে ৩২ হাজার ৩১ জন লোক নিয়োগের বিষয়ে এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীতিগত অনুমোদন দিয়েছেন। বর্তমান সরকারের মেয়াদে এসব নিয়োগ করার পরিকল্পনা সরকারের আছে।