পুলিশে রদবদল চান প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে কোনো রদবদল হচ্ছে না বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রশাসনে। রিটার্নিং কর্মকর্তা ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার এমনটাই চাইছেন। তবে প্রার্থীদের বেশির ভাগই মনে করছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে পুলিশ প্রশাসনে রদবদল আনতেই হবে।বিএনপি ঘরানার অন্যতম প্রার্থী সাবেক মেয়র আহসান হাবিব ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ মাহমুদুল হক খানের দাবি, সিটি এলাকার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পরিদর্শক ও কিছু প্রভাবশালী উপপরিদর্শক এরই মধ্যে সদ্য সাবেক মেয়র শওকত হোসেনের পক্ষে মাঠে নেমে গেছেন। বিএনপি ঘরানার আরেক প্রার্থী এবায়দুল হক চান বলেন, পুলিশে এখন যাঁরা রয়েছেন, তাঁরা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করবেন। তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তাঁদের অন্যত্র বদলি করে নগরের তিন থানায় ওসি, পরিদর্শকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদ পূরণ করা উচিত। বরিশাল মেট্রোপলিটনের চারটি থানার মধ্যে সিটি করপোরেশন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কোতোয়ালি মডেল থানা, কাউনিয়া থানা ও বিমানবন্দর থানার পুলিশ। মেয়র প্রার্থী মাহমুদুল হক খান বলেন, ‘বিমানবন্দর থানার ওসি থাকাকালে শাখাওয়াত হোসেন নানা কীর্তিকলাপ করে বিতর্কিত হয়েছেন। তিনি সদ্য সাবেক মেয়রের পক্ষে কাজ করার গোপন প্রতিশ্রুতি দিয়ে কয়েক মাস আগে কোতোয়ালি মডেল থানার ওসি হিসেবে বদলি হয়ে এসেছেন বলে শুনেছি।’ অবশ্য শাখাওয়াত হোসেন এই অভিযোগ অসত্য বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমি দুই বছর ছয় মাস বিমানবন্দর থানার দায়িত্ব পালনের পর আমার বিভাগীয় কর্তৃপক্ষ আমাকে কোতোয়ালিতে বদলি করেছেন। এখানে সাবেক মেয়র শওকত হোসেনের কোনো ভূমিকা নেই। আমি শওকত হোসেনের বিশেষ আস্থাভাজন কেউ নই।’সহকারী উপপরিদর্শক থেকে কয়েক মাস আগে উপপরিদর্শক পদে পদোন্নতি পাওয়া এক কর্মকর্তা মহিউদ্দিন শেখ নিজেকে সদ্য সাবেক মেয়র শওকত হোসেনের একান্ত ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে থাকেন বলে অভিযোগ পাওয়া গেছে। সহকর্মীরা তাই তাঁকে রসিকতা করে ‘মেয়র মহিউদ্দিন’ নামে ডাকেন। মহিউদ্দিন শেখ অবশ্য বলেন, ‘সাবেক মেয়র শওকত হোসেনের সঙ্গে আমার বিশেষ কোনো ঘনিষ্ঠতা নেই। মেয়র মাত্রই আমার কাছে স্যালুট পান, তাঁর পরিবর্তে অন্য কেউ মেয়র হলে তাঁকেও আমি স্যালুট দেব।’ বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি ও সাবেক যুগ্ম সচিব মোয়াজ্জেম হোসেন বলেন, প্রার্থীদের অভিযোগ থাকলে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন বলেন, ‘মাত্র কয়েক মাস আগে নগরের সব কটি থানায় কর্মকর্তা পর্যায়ে রদবদল করা হয়েছে। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর রদবদল করার এখতিয়ার আমাদের থাকে না। নির্বাচন কমিশন চাইলেই রদবদল হবে।’রিটার্নিং কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, পুলিশ প্রশাসনে রদবদলের কোনো ভাবনা তাঁদের নেই। তার পরও কোনো প্রার্থীর লিখিত অভিযোগ থাকলে নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।