সাম্প্রতিক সময়ের কয়েকটি নির্যাতনের ঘটনা পুলিশের ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এটা দেশের প্রশাসনিক সমস্যা ও নাগরিক জীবনের জন্য বড় দুর্ভোগ। এ থেকে উত্তরণে পুলিশের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি বাহিনীর সংস্কারেরও প্রয়োজন।‘সাম্প্রতিক ঘটনাবলি ও পুলিশের জবাবদিহি’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ অভিমত ব্যক্ত করেছেন। প্রথম আলোর উদ্যোগে গতকাল শনিবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম আলোর সম্মেলনকক্ষে এ গোলটেবিল আলোচনায় অংশ নেন সরকারি কর্মকমিশনের সাবেক চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রসচিব সা’দত হুসাইন, পুলিশের দুই সাবেক মহাপরিদর্শক ইসমাইল হোসেন ও নুরুল হুদা এবং আইনজ্ঞ শাহ্দীন মালিক। বৈঠকটি সঞ্চালন করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম।সাম্প্রতিক ঘটনা: সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনার উল্লেখ করে সা’দত হুসাইন বলেন, এ আলোচনা সরকারের উচ্চপর্যায়ে হওয়ার কথা। এ সমস্যা কোনো দলের বা ব্যক্তির নয়। কয়েকটি ঘটনায় পুলিশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে। এটা সরকার ও দেশের জন্য উদ্বেগজনক। অবশ্য এক দিনে এ সমস্যা তৈরি হয়নি। এত দিন এটা নিরীহ লোকদের ওপরই হয়েছে। এখন সেটা পুলিশ বাহিনীর শৃঙ্খলার সমস্যা হয়ে দেখা দিয়েছে। তিনি বলেন, নিয়ন্ত্রণকারীরা বাহিনীকে আর নিয়ন্ত্রণ করতে পারছেন না।ইসমাইল হোসেন বলেন, পুলিশের বর্তমান সমস্যা একটি জাতীয় সমস্যা। এটা দিনে দিনে আরও প্রকট হচ্ছে। বর্তমান সমস্যা কেন হচ্ছে, তা চিহ্নিত করে সেখান থেকে বের হয়ে আসতে হবে। এর গোড়া খুঁজে বের করতে হবে। নুরুল হুদা বলেন, ‘পুলিশের হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনা নতুন নয়। ’৯২ সালে জাতীয় প্রেসক্লাবের ভেতরে ঢুকে ৪০-৫০ জন সাংবাদিককে পিটিয়েছিল পুলিশ। ওই ঘটনায় কারও কিছুই হয়নি। এখন কয়েকটি ঘটনা পর পর ঘটেছে বলে বেশি মনে হচ্ছে। তিনি বলেন, পুলিশকে যাঁরা নিয়ন্ত্রণ করেন, তাঁদের ভেতরেই শৈথিল্য দেখা দিয়েছে। এ ঘটনাকে তাঁরা সমস্যা মনে করছেন না। কিন্তু আমরা সচেতন নাগরিক হিসেবে শঙ্কা বোধ করছি।’শাহ্দীন মালিক বলেন, গত কয়েক দিনে স্পর্শকাতর কয়েকটি ঘটনা ঘটেছে। তিনটি কারণে এসব ঘটনা ঘটছে। প্রথমত, রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতা। তাদের দুর্বলতার সুযোগ নিয়েছে পুলিশ। ২০০৩ সালে অপারেশন ক্লিন হার্টে লোকজনকে মেরে ফেলা হলো। এ জন্য যারা দায়ী, তাদের দায়মুক্তি দেওয়া হলো। এতে তাদের সাহস বেড়ে গেল। তারা মনে করতে শুরু করল, আইনবহির্ভূত কাজ করে আইন রক্ষা করা যায়। দ্বিতীয়ত, ফৌজদারি কার্যবিধির অপব্যবহার। ফৌজদারি কার্যবিধির ২০৬ থেকে শুরু করে ২২০ পর্যন্ত ধারাগুলো ’৭৮ সালে বাতিল করা হয়। এসব ধারা বাতিল করে ম্যাজিস্ট্রেটের জবাবদিহির ক্ষমতা খর্ব করা হয়। এতে করে পুলিশ একচ্ছত্র ক্ষমতা পেয়েছে। তৃতীয় হলো, বাহিনীতে সংস্কারের অভাব।রাজনৈতিক হস্তক্ষেপ: পুলিশের কাজে রাজনৈতিক হস্তক্ষেপের কথা উল্লেখ করে সা’দত হুসাইন বলেন, পুলিশের বর্তমান সমস্যা যাঁদের চিহ্নিত করার কথা, তাঁরা সেটা করছেন না। এটাকে তাঁরা হাসিঠাট্টার বিষয় মনে করছেন। কিন্তু বর্তমান পরিস্থিতি যে অবস্থায় পৌঁছেছে, সেখান থেকে উত্তরণের জন্য সব শ্রেণীর লোককে ডেকে আলোচনা করা উচিত। এসব সমস্যা উড়িয়ে দেওয়া যাবে না।ইসমাইল হোসেন বলেন, পুলিশ কর্মকর্তারা এখন আইন মানেন, নাকি দলের নেতাকে মানেন, সেটাই বড় প্রশ্ন। দলের নেতার কথা না শুনলে বদলি হতে হচ্ছে। শক্ত করে কিছু বলতেও পারেন না। কিন্তু পুলিশকে এ ধরনের রাজনৈতিক প্রভাব থেকে মুক্তি দিতে হবে।নুরুল হুদা বলেন, পুলিশের ভেতরের খারাপ লোকটি দলের বলে পার পেয়ে যাচ্ছে। এ প্রবণতা কোনোভাবেই কাম্য হতে পারে না। থানার ওসি কে হবেন, সেটা যদি পুলিশ প্রশাসন ঠিক না করে এমপি সাহেব ঠিক করেন, তাহলে পুলিশ প্রশাসন চলবে কী করে? সরকারি কর্মকর্তা যে কোনো দলের নয়, সেটা ওপরের দিক থেকেই বোঝাতে হবে। নিয়োগ, বদলি, পদোন্নতি: সা’দত হুসাইন বলেন, বাহিনীর যেসব সদস্য এসব ঘটনা ঘটাচ্ছেন, তাঁরা কীভাবে নিয়োগ পেয়েছেন, কীভাবে পদোন্নতি পেয়েছেন, তার সবকিছু খতিয়ে দেখা দরকার। তাঁদের যাবতীয় তথ্য বিশ্লেষণ করে দেখা দরকার, কেন এমন হচ্ছে। ইসমাইল হোসেন বলেন, আগে পুলিশ বাহিনীতে নিয়োগ-বদলি ও পদোন্নতি স্বচ্ছ ছিল। তখন বুঝে-শুনে নিয়োগ দেওয়া হতো। এখন এটা নিয়ে নানা প্রশ্ন। বাহিনীর নিয়োগ স্বচ্ছ করতে হবে। কে কাকে নিয়োগ দিচ্ছে, তার যাবতীয় তথ্য যাচাই করতে হবে।নুরুল হুদা বলেন, পুলিশের নিয়োগ-প্রক্রিয়ায় সমস্যা রয়ে গেছে। এটা ঠিক করতে হবে। ভালো লোক নিয়োগ করতে না পারলে ভালো কাজ আশা করা যাবে না। আদালতের ভূমিকা: শাহ্দীন মালিক বলেন, কিছু আইনের ধারা বাতিলের কারণে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আর নেই। এখন আদালতে অভিযোগ উপস্থাপনের পর প্রাথমিকভাবে সেটা প্রমাণের কোনো প্রয়োজন পড়ে না পুলিশের। এ সুযোগে কোনো ঘটনা ঘটলেই অজ্ঞাতনামা ১০০ জনকে আসামি করে মামলা জুড়ে দেওয়া হয়। সা’দত হুসাইন বলেন, ধারা বাতিলের সঙ্গে ম্যাজিস্ট্রেটের সম্পর্ক কোথায়। তিনি নিজে বিষয়টি যাচাই করে সিদ্ধান্ত নিতে পারেন। তাহলে সমস্যা কমে যাবে। নুরুল হুদা বলেন, পুলিশের কাজ তদারকির ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনেক ভূমিকা আছে। কিন্তু তারা সেটা করছে না।সংস্কার ও জবাবদিহি: সা’দত হুসাইন বলেন, পুলিশের কাজ থেকেই তার জবাবদিহি নিশ্চিত করতে হবে। এ ব্যবস্থার কোনো ব্যত্যয় ঘটানো যাবে না। কেউ আইন ভঙ্গ করলে দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করতে হবে। ইসমাইল হোসেন বলেন, সরকার ক্ষমতায় এলেই সংস্কারের নামে লোক নিয়োগ করে। তারা এটাকেই সংস্কার বলে চালিয়ে দেয়। কিন্তু সংস্কার মানে যে শুধু লোক নিয়োগই নয়, সেটা তারা বোঝে না। পুলিশের ওপর কর্মকর্তাদের তদারকি বাড়াতে হবে। পুলিশের জবাবদিহি নির্ভর করবে তার তদারককারী কর্মকর্তার ওপর। নুরুল হুদা আরও বলেন, পুলিশের জবাবদিহি প্রচলিত আইনেই আছে। অপরাধ করলে বিভাগীয় সাজার ব্যবস্থা আছে। এ ছাড়া ফৌজদারি আইনের বিভিন্ন স্তরে জবাবদিহির বিধান আছে। তবে বর্তমান সময়ে এটা যথেষ্ট নয়। এ জন্য একটি পৃথক কমিশনার করা দরকার। পুলিশ সংস্কার অধ্যাদেশে পুলিশের জবাবদিহির জন্য পৃথক কমিশনার করার প্রস্তাব করা হয়েছিল। সেটা বাস্তবায়িত হলে জবাবদিহি নিশ্চিত করা যাবে।শাহ্দীন মালিক বলেন, পুলিশ সংস্কারের জন্য প্রয়োজন হলে একটি পৃথক সংস্কার কমিটি করা যেতে পারে। এই কমিটি পুলিশের সংস্কারের কাজটি দেখভাল করবে।