পুলিশের আরেক কর্মকর্তা খুন
রাজধানীর বংশাল থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই গৌতম হত্যার জট খোলার আগেই গতকাল মঙ্গলবার শাহ মো. মিজানুর রহমান (৩৩) নামের আরেক পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি রমনা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিলেন। গতকাল সকাল সাতটার দিকে মির্জাপুর উপজেলার পোস্টকামুরী চরপাড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।এএসআই মিজানুর রমনা থানার অধীন নয়াটোলা (মগবাজার) পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত ছিলেন। ওই ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই এনামুল হক জানান, গত সোমবার রাত পৌনে ১০টা থেকে রাত্রিকালীন টহল ডিউটিতে ছিলেন মিজান। ভোর পৌনে পাঁচটার দিকে তিনি ফাঁড়িতে ফেরেন। হাত-মুখ ধুয়ে পুলিশের পোশাক খুলে, ওয়্যারলেস সেট চার্জে দিয়ে এবং পিস্তল জমা রেখে সাধারণ পোশাক পরে ভোর পাঁচটার দিকে তিনি ফাঁড়ি থেকে বের হন। সকাল ১০টার দিকে তাঁর লাশ উদ্ধারের খবর শোনা যায়।মিজানের সঙ্গে কর্তব্যরত কনস্টেবল লাল মিয়া জানান, ফজরের আজানের পর তিনি (মিজান) বাথরুমে যাওয়ার কথা বলে ফাঁড়ির দিকে যান।মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার প্রথম আলোকে বলেন, গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর ওই স্থানে মিজানের লাশ ফেলে পালিয়ে যায় হত্যাকারীরা। সময় হিসাব করলে ধারণা করা যায়, তাঁকে গাড়িতে হত্যা করা হয়েছে। তিনি ভোর পাঁচটার দিকে নয়াটোলা ফাঁড়ি থেকে বের হন। সকাল সাতটার পর ৬০ কিলোমিটার দূরে মির্জাপুরে মহাসড়কের পাশে তাঁর লাশ পাওয়া যায়। এ সময় অন্য কোথাও হত্যা করে লাশ মির্জাপুর আনা কঠিন। তাঁর চোখ-মুখ, বুকসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় গামছা পেঁচানো ছিল।ওসি জানান, নিহত মিজানের পকেট থেকে পুলিশের পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। মানিব্যাগ ও মুঠোফোন পাওয়া যায়নি। এ ব্যাপারে নিহতের ভাই আবদুর রশিদ বাদী হয়ে মির্জাপুর থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ এখনো হত্যাকাণ্ডের কোনো সূত্র খুঁজে পায়নি। তিনি কেন, কীভাবে টাঙ্গাইল এলেন, এ বিষয়গুলো এখনো অজানা। এগুলো জানার চেষ্টা করা হচ্ছে।এ বিষয়ে রমনা থানার ওসি শিবলী নোমান বলেন, ‘বিভিন্ন দিক থেকে ঘটনাটি দেখা হচ্ছে। রমনা পুলিশ একভাবে দেখছে, মির্জাপুর পুলিশ দেখছে আরেকভাবে। তবে আমাদের অনুসন্ধানগুলো তদন্তের স্বার্থে বলা যাবে না।’মিজানের গ্রামের বাড়ি টাঙ্গাইলের মধুপুরের পিরোজপুর (পীরগাছা) গ্রামে। তাঁর বাবা শাহ মো. জমশের আলী। মিজান এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক। কথা ছিল ১০ দিনের ছুটিতে যাবেন: ১৮ এপ্রিল মিজান কন্যাসন্তানের বাবা হন। সোমবার রাতে তাঁর সর্বশেষ কথা হয় স্ত্রী ফাতেমা আক্তারের সঙ্গে। তখন মিজান বলেছিলেন, শিগগির ১০ দিনের ছুটি নিয়ে বাড়ি যাবেন, মেয়ের সঙ্গে সময় কাটাবেন। কিন্তু তার আগেই তাঁকে ফিরতে হলো লাশ হয়ে। গতকাল কথাগুলো জানান মিজানের শ্যালক ফিরোজ দেওয়ান। মিজানের ছেলে ফাহিম ঢাকার নাখালপাড়ার একটি কিন্ডারগার্টেনে নার্সারিতে পড়ে।টাঙ্গাইল হাসপাতালে ময়নাতদন্ত শেষে রাতে পরিবারের কাছে মিজানের লাশ হস্তান্তর করা হয়। পরে পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হয়।১৯ পুলিশ নিহত: ২০০৫ সাল থেকে গতকাল পর্যন্ত মোট ১৯ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন। এর মধ্যে ১৯ এপ্রিল রাতে ধোলাইখালে খুন হন বংশাল থানার দ্বিতীয় কর্মকর্তা গৌতম কুমার রায়। গতকাল হত্যা করা হয় এএসআই মিজানকে। এদিকে গৌতম হত্যা মামলায় একই নামে একাধিক আসামি ধরেছে পুলিশ, গেয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যাব। তাঁদের মধ্যে আসলে কে খুনের সঙ্গে জড়িত তা এখন উদ্ঘাটনের চেষ্টা চলছে। গৌতম হত্যা মামলার উদাহরণ টেনে রমনা অঞ্চলের এক পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘মিজান হত্যা মামলার বিষয়ে আমরা খুব সতর্কতার সঙ্গে এগোব। তথ্য নিশ্চিত না হওয়া পর্যন্ত তা তদন্তের বাইরে কাউকে জানানো হবে না।’