পুলিশের উদ্যোগ কাজে লাগেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানবাহন চলাচলে শৃঙ্খলা আনতে ও যানজট নিয়ন্ত্রণে পুলিশের পদক্ষেপগুলো ব্যর্থ হচ্ছে একের পর এক। ডিজিটাল পদ্ধতি চালু, লেন মেনে গাড়ি চলাচল, সংকেতবাতি মানতে কড়াকড়ি, মানুষকে সচেতন করতে বিশেষ প্রচারণা—এসবের কোনো কিছুই শেষ পর্যন্ত কাজে আসছে না।যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গত বছর ডিসেম্বরে ভিন্ন ভিন্ন যানবাহনের জন্য পৃথক লেন চালু করেছিল পুলিশ। সংকেতবাতি মেনে চলার বিষয়েও কড়াকড়ি আরোপ করা হয়। কিন্তু কিছুদিনের মধ্যেই অভিযান শিথিল হয়ে আসে। গাড়ির চালক ও পুলিশ ভুলে যায় লেন পদ্ধতি। স্বয়ংক্রিয় সংকেতবাতির জায়গায় ফিরে আসে ট্রাফিকের হাত।ঢাকা মহানগরের অনেক রাস্তায় সংকেতবাতি জ্বললেও সে বাতি কার্যকর থাকে না। ট্রাফিক পুলিশের সদস্যরা বাতি উপেক্ষা করে হাতের ইশারায় যানবাহন নিয়ন্ত্রণ করেন। ট্রাফিক পুলিশের বক্তব্য, এত যানবাহন এ বাতি দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য বাতির সময় বদল করতে হবে। সময় বদল করার এ কাজটি করে সিটি করপোরেশন। ট্রাফিক কার্যক্রম গতিশীল করতে, অপরাধী শনাক্ত সহজ করতে গত বছরের নভেম্বর থেকে কিছু ব্যবস্থা নেয় পুলিশ। এর মধ্যে রয়েছে নতুন ডিজিটাল নিয়ন্ত্রণকক্ষ, স্বয়ংক্রিয় যান শনাক্তকরণ ব্যবস্থা, ডিজিটাল ডেটাবেইস ম্যাপ, মোবাইল কমান্ড পোস্ট, মাল্টি চ্যানেল ট্রাকিং ওয়্যারলেস এবং ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। এগুলোই ডিজিটাল পদ্ধতি। পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি-টেলিকম) ইউনুস মোহাম্মদ বেলালুর রহমান প্রথম আলোকে বলেন, ঢাকা শহরের ৫৯টি ক্রসিংয়ে ১৫৫টি সিসি ক্যামেরা চালু রয়েছে। ৩১টি ট্রাফিক ডিসপ্লে বোর্ডও চলছে। আবদুল গণি রোডের নিয়ন্ত্রণকক্ষটিও চালু হয়েছে। তবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এগুলো বুঝে নেয়নি বলে পুরোপুরি কাজে দিচ্ছে না।