পুলিশের উপস্থিতিতে ব্যালকনি থেকে পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে একটি বায়িং হাউস কার্যালয়ের ছয়তলার ব্যালকনি থেকে পড়ে আসাদুজ্জামান (৩০) নামের ওই প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানের এশিয়া এক্সেল ট্রেডিং নামে ওই বায়িং হাউসে পুলিশের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিজ প্রতিষ্ঠানের টাকা চুরির ঘটনায় সন্দেহভাজন ওই ব্যক্তি লাফ দিয়েছেন।নিহত আসাদুজ্জামান ওই বায়িং হাউসে তথ্যপ্রযুক্তি কর্মকর্তা হিসেবে দুই বছর থেকে কাজ করছিলেন।এশিয়া এক্সেলের কান্ট্রি ম্যানেজার ভারতীয় নাগরিক রাভিন শাহ বলেন, গত শুক্রবার ছুটির দিনে তাঁদের প্রতিষ্ঠান থেকে ছয় লাখ ২৪ হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি মামলা করেন হিসাব শাখার সহকারী ব্যবস্থাপক আবুল কাশেম। চুরির ঘটনা তদন্তে আজ দুপুরের দিকে পুলিশ তাঁদের কার্যালয়ে আসেন। তাঁরা পুলিশকে জানান, চুরির ঘটনায় তাঁরা আসাদুজ্জামানকে সন্দেহ করছেন। হিসাব শাখায় বসে পুলিশের দুই কর্মকর্তা আসাদসহ প্রতিষ্ঠানের পাঁচ কর্মকর্তার সঙ্গে কথা বলছিলেন। এর মধ্যে আসাদ পুলিশের সামনেই কিছু টাকা ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দেন। একপর্যায়ে আসাদ তাঁর (রাভিনের) সঙ্গে একাকী কথা বলতে চান।পরে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ মোবারকের সঙ্গে একাকী কথা বলতে চান আসাদ। রাশেদ রাজি হলে আসাদ কক্ষ থেকে বের হন, পেছনে পুলিশ কর্মকর্তা। রাশেদ বের হওয়ার ২০ সেকেন্ডের মধ্যেই কিছু একটা পড়ার আওয়াজ পান তাঁরা, চিত্কার করে ওঠেন এসআই রাশেদ। এরপর তাঁকে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে থাকতে দেখেন।এসআই রাশেদ বলেন, আসাদ তাঁর সঙ্গে একাকী কথা বলতে চেয়ে ব্যালকনির দিকে হেঁটে যান। তিনি ব্যালকনিতে পা দেওয়ার আগেই ছোট্ট একটা দৌড় দিয়ে আসাদ লাফিয়ে পড়েন।ভবনটির নিচতলার নিরাপত্তাকর্মী আবদুল হাকিম বলেন, বেলা পৌনে দুইটার দিকে তাঁর সামনে দিয়ে নিচে পড়েন আসাদ। নিহতের মামাতো ভাই মাইনুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ মর্গে আসাদুজ্জামানের লাশ শনাক্ত করেছেন। নিহতের স্বজনেরা জানান, তাঁদের বাড়ি রাজশাহী সদরে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। দুই বছর আগে বিয়ে করেছেন। তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা। অফিসে ঝামেলার বিষয়ে আসাদ কাউকে কিছু জানাননি।