পুলিশের এক কর্মকর্তা প্রত্যাহার, অনুসন্ধান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক জামাল উদ্দীন খুনের সঙ্গে জড়িত পুলিশের সেই এএসআই (সহকারী উপপরিদর্শক) মাসুদুর রহমানকে প্রত্যাহার (ক্লোজড) করে যশোর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আজ শনিবার তাঁকে মনিরামপুর থানা থেকে প্রত্যাহার করা হয়।খুনিদের সঙ্গে ওই কর্মকর্তার সংশ্লিষ্টতার বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে। পুলিশের খুলনা বিভাগের অতিরিক্ত উপমহাপরিদর্শক রফিকুল ইসলামকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আজ সারা দিন অনুসন্ধানের কাজ করেছেন বলে জানা গেছে। এ ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত উপমহাপরিদর্শক রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, খুনের ঘটনার সঙ্গে এএসআই মাসুদ জড়িত কি না সেটি তদন্তের দায়িত্ব তদন্তকারী কর্মকর্তার। সরকারের অন্য কোনো সংস্থাকে এ তদন্তের দায়িত্ব দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টারে (সদর দপ্তর) অনুরোধ জানানো হয়েছে। তিনি জানান, ‘প্রথম আলো’ পত্রিকায় যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেটি অনুসন্ধানের জন্য তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। খুনিদের সঙ্গে এএসআই মাসুদের সম্পৃক্তার বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, অনুসন্ধান শেষে এ বিষয়ে বলা যাবে। যশোর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সাংবাদিক জামাল খুনের সঙ্গে জড়িত পুলিশের দুই সদস্যকে নিয়মিত বদলির আদেশ দেওয়া হয় গত বৃহস্পতিবার রাতে। এর মধ্যে এএসআই মাসুদকে শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ি থেকে মনিরামপুর থানায় ও কনস্টেবল শহিদুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়। যশোরের পুলিশ সুপার কামরুল আহসান প্রথম আলো ডটকমকে বলেন, এএসআই মাসুদকে মনিরামপুর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। কনস্টেবল শহিদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শুক্রবার ‘প্রথম আলো’র প্রথম পাতায় ‘যশোরে সাংবাদিক খুনের ঘটনায় পুলিশ জড়িত’ ও ‘পুলিশ-খুনি ফোনালাপ’ শিরোনামে দুটি সংবাদ প্রকাশিত হয়। জামাল উদ্দীন যশোর থেকে প্রকাশিত ‘দৈনিক গ্রামের কাগজ’ পত্রিকার শার্শা উপজেলার কাশীপুর প্রতিনিধির দায়িত্ব পালন করতেন। গত ১৫ জুন রাতে তিনি নৃশংসভাবে খুন হন।