পুলিশের ওপর আবারও নারকীয় হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গতকাল সোমবার সকালে আবারও জামায়াত-শিবিরের চরম হিংস্রতার শিকার হয়েছে পুলিশ। প্রকাশ্যে রাস্তায় ফেলে ইট ও হেলমেট দিয়ে পিটিয়ে মাথা থেঁতলে দেওয়া হয়েছে পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীর আলমের (৫৬)। আর এক বছর পর তাঁর অবসরে যাওয়ার কথা রয়েছে। গত রোববার এই রাজশাহীতেই শিবিরের বোমা হামলায় হাতের কবজি উড়ে গিয়েছিল পুলিশের শিক্ষানবিশ উপপরিদর্শক মকবুল হোসেনের (২১)। এর আগে গত ৬ নভেম্বর এই শহরেই শিবিরের কর্মীরা বন্দুক কেড়ে নিয়ে পিটিয়েছিলেন পুলিশের এক সদস্যকে। গতকালের হামলায় গুরুতর আহত জাহাঙ্গীর আলম নগরের উপশহর পুলিশ ফাঁড়ি ও বোয়ালিয়া থানার একটি টহল দলের দায়িত্বে ছিলেন। হামলার পর তাঁর সঙ্গে থাকা অস্ত্রও কেড়ে নিয়ে যান শিবিরের কর্মীরা। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে। এই হামলায় জাহাঙ্গীর ছাড়াও রাজশাহী মহানগর পুলিশের দাঙ্গা দমন বিভাগের (আরসিডি) আরও তিন সদস্য আহত হয়েছেন। তাঁরা হচ্ছেন লতিফুর হায়দার (২২), শফিকুল ইসলাম (২৩) ও জাকির হোসেন (২২)। জাহাঙ্গীর ও শফিকুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, জাকির হোসেনকে পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে। লতিফুর হায়দারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসাধীন শফিকুল ইসলাম বলেন, তাঁরা ১০ জন নগরের শালবাগান এলাকায় টহল দিচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে শালবাগান পাওয়ার হাউসের পাশ থেকে শিবিরের কর্মীরা তিনটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে মোড়ের দিকে জড়ো হন। তাঁদের ইনচার্জ জাহাঙ্গীর আলম সবার সামনে ছিলেন। একটি বোমা তাঁর কাছে এসে পড়ে। তাঁরা শটগান থেকে বেশ কয়েকটি গুলি করেন। কিন্তু হামলাকারীরা একের পর এক বোমা মারার কারণে তাঁরা আর দাঁড়াতে পারছিলেন না। নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, বোয়ালিয়া থানা এলাকায় প্রতিদিন ১২টি টহল দল কাজ করে। জাহাঙ্গীরের নেতৃত্বে ওই টহল দল শালবাগান এলাকায় ছিল। শালবাগান পাওয়ার হাউস মোড় থেকে ককটেল ছোড়ার শব্দ শুনে টহল দলের সদস্যরা গাড়ি থেকে নেমে আসেন। এর পরই তাঁদের ওপর হামলা চালানো হয়। তিনি বলেন, ওই সময় ‘রিকুইজিশন’ করা গাড়ির চালক গাড়ি বাঁচানোর জন্য দ্রুত সরে পড়েন। এ জন্য জাহাঙ্গীরকে রিকশায় করে হাসপাতালে নিতে হয়েছে। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। খোয়া যাওয়া অস্ত্রের ব্যাপারে তিনি বলেন, অস্ত্র উদ্ধারের জন্য তাঁদের তৎপরতা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পর পর ফাটানো কয়েকটি ককটেলের ধোঁয়ায় চারদিক অন্ধকারে ছেয়ে যায়। উপপরিদর্শক জাহাঙ্গীর আলম এই ধোঁয়ার মধ্যে পড়ে যান। এ সময় শিবিরের কর্মীরা কাছে গিরে তাঁকে ধরে ইট দিয়ে আঘাত করতে থাকেন। এর মধ্যে কমলা রঙের জামা পরা এক যুবক জাহাঙ্গীরের মাথা থেকে হেলমেট খুলে নিয়ে তা দিয়েই উপর্যুপরি মাথার পেছনে মারতে শুরু করেন। অন্যরা রাস্তার পাশ থেকে আস্ত ইট এনে প্রায় গায়ের পাশে দাঁড়িয়ে তাঁর মাথা থেঁতলে দেন। কয়েক মিনিটের মধ্যেই জাহাঙ্গীর আলম জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় হামলাকারীদেরই একজন অন্য হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করেন। পরে জাহাঙ্গীরকে রাস্তায় ফেলে শিবিরের কর্মীরা নির্বিঘ্নে চলে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, যাওয়ার সময় নীল টি-শার্ট ও হলুদ টুপি পরা এক যুবক জাহাঙ্গীর আলমের কোমরে রাখা পিস্তল ছিনিয়ে নেন। ভিডিও ক্যামেরায় ধারণ করা ছবিতে দেখা যায়, শেষে কমলা রঙের জামা পরা ওই যুবক পিস্তলটি এবং নীল রঙের টি-শার্ট ও হলুদ টুপি পরা যুবক হেলমেট ও ওয়াকিটকি নিয়ে চলে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, এরপর কিছুক্ষণ ধরে অচেতন জাহাঙ্গীর আলম উপুড় হয়ে রাস্তায় পড়ে ছিলেন। তাঁর সহকর্মী বা সাধারণ মানুষ কেউ সাহস করে এগিয়ে আসছেন না। এ সময় ঝর্না বেগম (২৫) নামের একজন নারী অচেতন এই পুলিশ সদস্যকে উদ্ধার করতে এগিয়ে আসেন। সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গে যোগ দেন দুই যুবক। তাঁরা তিনজন মিলে পাঁজাকোল করে তাঁকে ব্যাটারিচালিত রিকশায় তোলেন। ঝর্না বেগম ওড়না দিয়ে জাহাঙ্গীরের মাথা পেঁচিয়ে রক্ত আটকানোর চেষ্টা করেন এবং রক্তাক্ত মাথা কোলের ওপর নিয়ে রিকশায় বসেন। জাহাঙ্গীরকে রিকশায় তোলার পর একজন পুলিশ সদস্য দৌড়ে এসে অটোরিকশার সামনে চালকের পাশে বসেন। ঝর্না বেগম নগরের একটি বিউটি পারলারে কাজ করেন। তিনি বলেন, ‘এখানে এসে দেখি, রাস্তার মধ্যে মানুষটা উপুড় হয়ে পড়ে আছেন। তাঁকে তুলে হাসপাতালে নেওয়ার কেউ নেই। আমি তাঁকে তোলার চেষ্টা করি। এ সময় দুইটা ছেলে আগায়ে আসে সাহায্য করে।’ ঝর্না জানান, হাসপাতালে নেওয়ার পর জাহাঙ্গীর আলম শুধু তাঁর বাড়িতে ফোন করতে বলছিলেন। তাঁর কাছ থেকে নম্বর নিয়ে বাড়িতে ফোন করে খবর দেন ঝর্না। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রোকসানা পারভীন বলেন, জাহাঙ্গীর আলমের মাথা ও কপালের আঘাত গুরুতর। প্রাথমিকভাবে তাঁর ‘হেড ইনজুরি’ (মাথায় আঘাত) হয়েছে বলে মনে করা হচ্ছে। তিনি প্রচুর বমি করেছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। চিকিৎসক বলেন, আহত অপর পুলিশ সদস্য শফিকুলের হাত গুরুতর জখম হয়েছে। তাঁকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত। গত রোববার সকালে রাজশাহী নগরের রানীবাজার এলাকায় শিবিরের বোমা হামলায় শিক্ষানবিশ উপপরিদর্শক মকবুল হোসেনের ডান হাতের কবজি এবং বাঁ হাতের তিনটি আঙুল উড়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দ্রুত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে গত ৬ নভেম্বর রাজশাহী নগরের সাহেববাজার এলাকায় পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে পিটিয়েছিলের ছাত্রশিবিরের কর্মীরা। অস্ত্র কেড়ে নেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেই নেতার নাম শরীফুল ইসলাম ওরফে তুহিন। তাঁর বাড়ি নাটোরের লালপুরে। পুলিশ এত দিনেও তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। রাতে আহত জাহাঙ্গীর আলমকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক এস এম একরামুল্লাহ প্রথম আলোকে বলেন, তাঁর শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়েছে। ওপরের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।