পুলিশের ওপর জগন্নাথের ছাত্রদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তাণ্ডবের ঘটনায় আজ বৃহস্পতিবার আরও একটি মামলা হয়েছে। এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত দুটি মামলা করা হলো। এসব মামলায় ৫০০-৬০০ শিক্ষার্থীকে আসামি করা হলেও মাত্র একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে গতকাল বুধবার রাতে রাজধানীর ধোলাইখালে সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার করতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হামলার মুখে পড়ে পুলিশ। এ ঘটনায় সূত্রাপুর থানায় পৃথক আরেকটি মামলা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কবি নজরুল কলেজে হামলা ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গতকাল রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে কলেজ কর্তৃপক্ষ। ওই মামলার আসামিদের গ্রেপ্তারে রাত ১১টার দিকে ধোলাইখাল এলাকায় অভিযান চালায় সূত্রাপুর থানা পুলিশ। তারা ওই এলাকায় থাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়াজকে আটক করতে গেলে তাঁদের সঙ্গে থাকা অন্যরা পুলিশের ওপর হামলা চালান। এতে পুলিশের তিন সদস্য আহত হন। এ অবস্থায় পুলিশ শরিফুল ও রিয়াজকে সূত্রাপুর থানায় নিয়ে আসে। তবে রাত ১২টার দিকে শরিফুলকে ছেড়ে দেয়। এ ঘটনার বিষয়ে জানতে চাইলে সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল হক প্রথম আলো ডটকমকে বলেন, কবি নজরুল কলেজ কর্তৃপক্ষের দায়ের করা মামলার আসামি ধরতে গেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০ থেকে ৭০ জন ছাত্র হামলা চালান। এতে তিনিসহ আরও তিন পুলিশ আহত হয়। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গতকাল রাতেই সূত্রাপুর থানায় ১৭ জনের নামসহ প্রায় ৬৫ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, ‘ওই ঘটনার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নয়।’