পুলিশের ওপর হামলা, আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীর আলমের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া ২৫ জন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার আসামিদের আদালতে হাজির করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে ১১ জন উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীরের ওপর হামলার মামলার এজাহারভুক্ত আসামি। বাকি ১৪ জন সন্ত্রাস দমন আইনে করা মামলার আসামি। জাহাঙ্গীরের ওপর হামলার ঘটনায় করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো (শ্যোন অ্যারেস্ট) হয়েছে। জাহাঙ্গীরের ওপর হামলার পর থেকে অভিযান চালিয়ে পুলিশ মোট ৩৫ জন আসামিকে আটক করেছিল। আটক অপর ১০ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, আদালত রিমান্ড মঞ্জুর করলে তাঁদের থানায় নিয়ে যাওয়া হবে। এরপর জিজ্ঞাসাবাদ করা হবে।গত সোমবার (১ এপ্রিল) রাজশাহীতে শিবিরকর্মীরা মিছিল থেকে পুলিশের ওপর হামলা করে অস্ত্র ছিনিয়ে নিয়ে যান। এ সময় তাঁরা নগরের বোয়ালিয়া থানার একটি টহল দল ও নগরের উপশহরে এলাকার একটি ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের ওপরে হামলা চালান। তাঁরা তাঁর অস্ত্র, ওয়াকিটকি ও হেলমেট নিয়ে চলে যান। এ ঘটনায় বোয়ালিয়া থানার এসআই নাসিরুল্লাহ বাদী হয়ে সোমবার রাতেই বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। এতে ২৫ জনের নাম উল্লেখসহ ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়।