পুলিশের ওপর হামলা, নরসিংদীতে জামায়াতের আমির গ্রেপ্তার
নরসিংদীতে পুলিশের ওপর শিবিরের হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর জেলা আমির আ ফ ম আবদুস সাত্তারকে (৫০) গ্রেপ্তার করেছে সদর মডেল থানার পুলিশ। আজ শুক্রবার বেলা সোয়া তিনটার দিকে শহরের আরশীনগর রেলক্রসিং এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নরসিংদীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) এ কে এম জহিরুল ইসলাম। সদর মডেল থানা সূত্রে জানা গেছে, গত ১ মার্চ সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের সোনাতলা মাদ্রাসা থেকে শিবিরের পাঁচ শতাধিক কর্মী লাঠি হাতে একটি মিছিল নিয়ে শহরে ঢোকার চেষ্টা করেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের প্রতিবাদে ওই মিছিলটি শাকুরঘাট এলাকায় পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে মিছিল থেকে ইটপাটকেল ছোড়া হয়। পরে পুলিশ মিছিল ছত্রভঙ্গ করতে অর্ধশতাধিক রাবার বুলেট ছেড়ে। এ সময় ইটপাটকেলের আঘাতে পুলিশের পরিদর্শক আজিজুর রহমান মিয়াসহ ১০ জন আহত হন। এ ঘটনায় সদর মডেল থানার উপপরিদর্শক আশরাফুল হক বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশের ওপর হামলার মামলায় ঘটনার দিনই খোকন মিয়া, নজরুল ইসলাম ও ফারুক মিয়া নামের শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুরে জামায়াতে ইসলামীর জেলা আমির আ ফ ম আবদুস সাত্তারকে আরশীনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনার দিন থেকে তিনি পলাতক ছিলেন বলে জানায় পুলিশ।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, গত ১ মার্চ পুলিশের ওপর শিবিরের কর্মীদের হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।