পুলিশের ওপর হামলা সমর্থন করি না: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. নাসিম বলেছেন, ‘জামায়াত-শিবির সারা দেশে অন্যায়ভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালাচ্ছে। আর তাদের উসকে দিচ্ছে বর্তমান বিরোধী দল। পুলিশের ব্যর্থতা থাকতে পারে, তবে অন্যায় ও অমানবিকভাবে তাদের ওপর হামলা আমরা সমর্থন করি না।’আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার হল রুমে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাসিম এ কথা বলেন। রাজশাহীসহ সারা দেশে পুলিশের ওপর জামায়াত ও বিএনপির হামলার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু একাডেমীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।মো. নাসিম বলেন, রাজশাহী, দিনাজপুরসহ দেশের বিভিন্ন জায়গায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশের ওপর অন্যায়ভাবে হামলা চালাচ্ছেন। এরই মধ্যে কয়েকজন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। রাজশাহীতে দুই পুলিশ সদস্যকে অমানবিকভাবে পিটিয়ে ও বোমা মেরে গুরুতর আহত করা হয়েছে।আওয়ামী লীগের এই নেতা বলেন, পুলিশের সদস্যদের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করা। সরকারের নির্দেশে তাঁরা কাজ করেন। তাঁরা অন্যায় করলে আইনের আওতায় এনে তার বিচার হবে। কিন্তু তাঁদের অন্যায়ভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।নাসিম অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে ‘ক্লিন হার্ট অপারেশন’ ও ‘ক্রসফায়ারের’ নামে পুলিশকে ব্যবহার করে সারা দেশে হত্যাকাণ্ড চালিয়েছে। আর এখন আবার সেই পুলিশকেই হত্যা করছে তারা। তারা সেনাবাহিনীকে পর্যন্ত উসকে দিচ্ছে। বিরোধী দল গণতন্ত্রকে হত্যা করার চেষ্টায় লিপ্ত বলেও অভিযোগ করেন তিনি।আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এরই মধ্যে একাত্তরের তিন ঘাতকের বিচার হয়েছে। কয়েকজনের বিরুদ্ধে বিচার চলছে। তিনি বলেন, সব ঘাতকের বিচার হয়তো সরকারের এই মেয়াদে হবে না। তবে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এলে সব ঘাতকেরই বিচার করা হবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন তিনি।ধর্মের বিষয়ে নাসিম বলেন, বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয়, ধর্মভীরু। এ দেশের মানুষ সব ধর্মের প্রতি সহানুভূতিশীল। সুতরাং কেউ কোনোভাবে অন্য ধর্মকে আঘাত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে উদ্দেশ করে আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, ‘আমার দেশ’ পত্রিকা মিথ্যা সংবাদ প্রকাশ করে সাম্প্রদায়িকতা উসকে দিচ্ছে। দেশের সাম্প্রদায়িক পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করছে। এই পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।৬ এপ্রিল হেফাজতে ইসলামের লংমার্চ শান্তিপূর্ণভাবে করার আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘আপনারা ইসলামকে হেফাজত করুন, জামায়াত-শিবিরকে হেফাজত করবেন না। তাহলে জনগণ জামায়াতের মতো আপনাদেরও ক্ষমা করবে না।’সমাবেশে আরও বক্তব্য দেন মোজাফফর হোসেন, পঙ্কজ দেবনাথ, এম এ করিম, আরিফুর রহমান, রফিকুল ইসলাম, কাজী মোশাররফ হোসেন প্রমুখ।