পুলিশের ওপর হামলাকারীদের কঠোর শাস্তি হবে: সাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।আজ রোববার বিকেল পৌনে চারটার দিকে ওই ঘটনায় আহত পুলিশ সদস্যদের দেখতে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাহারা খাতুন এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত বিএনপি জোট সরকারের সময়ে হরতালে পুলিশ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মারধর করত। আর আজ হরতালকারীরা পুলিশকে মারধর করে।কাঁচপুর ব্রিজ এলাকায় পুলিশের ওপর হরতাল সমর্থনকারীদের হামলার ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কাঁচপুর ব্রিজের ঘটনায় মনে হয়, এরা কেউ হরতাল করতে আসেনি, এসেছিল পুলিশের ওপর নির্যাতন করতে। দা, লাঠি ও হকিস্টিক দিয়ে পুলিশের সঙ্গে যুদ্ধ করতে।’পুলিশের ওপর আক্রমণের ঘটনার পরপরই স্থানীয় জনগণই হামলাকারীদের প্রতিহত করে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী জানান। তিনি বলেন, ইস্যুবিহীন হরতাল শুধু জনগণের ভোগান্তির সৃষ্টি করে। আহতদের সুচিকিত্সার জন্য সমস্ত খরচ সরকার বহন করবে বলেও তিনি আশ্বাস দেন।সাহারা খাতুনের সঙ্গে এ সময় পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার ও ঢাকা রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।হাসান মাহমুদ খন্দকার জানান, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত এসপি (ডিএসডি) মো. গিয়াসউদ্দিনকে প্রধান করে কাঁচপুর ব্রিজের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বাসস।