পুলিশের কাজে বাধার মামলায় মাহমুদুর রহমানের জামিন বহাল
পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন বহাল রয়েছে। তাঁর জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে সরকারপক্ষের করা আবেদনটি আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।জানা যায়, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গত ২ জুলাই মাহমুদুর রহমানের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে পুলিশ। এ মামলায় ১২ জুলাই হাইকোর্ট তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এতে স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করলে আদালত ১৮ জুলাই হাইকোর্টের আদেশ স্থগিত করেন। একই সঙ্গে আদালত লিভ টু আপিল দায়ের করতে বলেন এবং নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। শুনানি শেষে আদালত আজ এ আদেশ দিয়েছেন। আদালতে মাহমুদুর রহমানের পক্ষে রফিক-উল হক, এ জে মোহাম্মদ আলী এবং সরকারপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান উপস্থিত ছিলেন।