পুলিশের খোরাকি দিনে ২৫ টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের খোরাকি দেওয়া হয়েছে দিনে ২৫ টাকা করে। বিভিন্ন জেলা থেকে যাওয়া প্রায় নয় হাজার পুলিশ সদস্য এই হারে ভাতা পান। পাঁচ দিন দায়িত্ব পালন করে তাঁরা পেয়েছেন ১২৫ টাকা। জানা গেছে, অতিরিক্ত পুলিশ কমিশনার থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত সবার জন্য বরাদ্দ ছিল একই পরিমাণ অর্থ। অনেক জ্যেষ্ঠ পুলিশ সদস্য শেষ পর্যন্ত এ টাকা আর নেননি। তাঁরা প্রথম আলোকে জানান, অপমানে অনেকে টাকা না নিয়ে চলে গেছেন। ১৭ জুন ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (অর্থ) শাহাবুদ্দিন কোরেশী প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের নির্বাচনের জন্য সরকারের কাছে বরাদ্দ চাওয়া হয়েছিল ৮২ লাখ টাকা। কিন্তু পাওয়া গেছে মাত্র ৩৫ লাখ টাকা। এ টাকা পুলিশ-র‌্যাব-এপিবিএন সবাইকে ভাগ করে দিতে হয়েছে। এ কারণে বরাদ্দ কমে গেছে।সিটি নির্বাচনে দায়িত্ব পালনের জন্য চট্টগ্রামে আসা ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (গোয়েন্দা) সরোয়ার আলম বলেন, ‘হোটেলে মূল্য ছাড়ের পরও আমাদের প্রতিদিনের ভাড়া ছিল ৬০০ টাকা। অথচ আসার সময় আমাকে নিতে বলা হয় ১২৫ টাকা। তবে বরাদ্দ কম হলেও সান্ত্বনা এটাই যে সুষ্ঠু-সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আমাদেরও কিছু ভূমিকা ছিল।’নির্বাচন কমিশন সূত্র জানায়, চট্টগ্রাম মহানগর পুলিশ প্রশাসন থেকে পুলিশের নির্বাচনী খরচের বাজেট দেওয়া হয়েছিল এক কোটি ২২ লাখ টাকা। তা কেটে শেষ মুহূর্তে ২২ লাখ ৯৫ হাজার টাকা করা হয়। এই টাকায় প্রায় এক হাজার ৩০০ গাড়ি রিকুইজিশনের খরচ, চালকদের খাওয়া-দাওয়া, গাড়ির জ্বালানি এবং বাইরের জেলা থেকে আসা পুলিশ সদস্যদের খাওয়া-দাওয়ার বিল পরিশোধ করতে হয়। সব খাতে বরাদ্দ কমানোর কারণে পুলিশের থাকা-খাওয়ার ভাগেও কম টাকা পড়েছে।চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (সদর) ময়নুল ইসলাম বলেন, বাজেটে বরাদ্দ কম হওয়ায় পুলিশ সদস্যদের প্রত্যেকের থাকা-খাওয়ার খরচ মাত্র ১২৫ টাকা করে দিতে হয়েছে। এর বেশি টাকা দেওয়ার সুযোগ ছিল না। তিনি বলেন, ‘যারা দিনাজপুর-রংপুর থেকে এসেছে, তাদের আসা-যাওয়ার খরচ দেড়-দুই হাজার টাকা পড়েছে। এই টাকা কীভাবে দেওয়া যায়, সেটাই আমরা ভাবছি।’পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালন করেন আট হাজার ৪৮০ জন পুলিশ সদস্য। বাইরের জেলার পুলিশ সদস্যরা ১৪ জুন চট্টগ্রামে আসেন।