পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় গতকাল শনিবার পোশাকশ্রমিকদের সঙ্গে সংঘর্ষের সময় শিল্পপুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে আশুলিয়ার বুমাইল গ্রাম থেকে ওই শটগানটি পুলিশ উদ্ধার করে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় সাড়ে চার হাজার শ্রমিককে আসামি করে মামলার প্রস্তুতি চলছে। অস্ত্র লুট ও পুলিশের ওপর হামলার অভিযোগ এনে শিল্পপুলিশের পক্ষ থেকে এই মামলা করা হবে। আজ সন্ধ্যার মধ্যেই মামলা নথিভুক্ত করা হবে বলে ওসি বদরুল জানান।প্রসঙ্গত, সহকর্মীকে মেরে ফেলার গুজবে গতকাল বিক্ষুব্ধ শ্রমিকেরা আশুলিয়ায় অন্তত ৫০টি পোশাককারখানায় ধ্বংসযজ্ঞ চালান। এ জন্য প্রায় তিন ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়া এলাকা অবরোধ করে যানবাহন ভাঙচুর করেন তাঁরা। এ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশ, পথচারী, পোশাকশ্রমিকসহ শতাধিক লোক আহত হন। এ সময় বাসের চাপায় এক নারীশ্রমিক মারা যান। সংঘর্ষের সময় শিল্পাঞ্চল পুলিশের কনস্টেবল মফিজউদ্দিনের মাথা ফাটিয়ে তাঁর শটগান ছিনিয়ে নেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। এ ঘটনার পর আশুলিয়া শিল্পাঞ্চল এলাকার তিন শতাধিক কারখানা তাত্ক্ষণিক বন্ধ ঘোষণা করা হয়।