শবে বরাতের রাতে রাজধানীর আমিনবাজারে গণপিটুনিতে নিহত ছয়জন ছাত্রের বিরুদ্ধে ডাকাতির কাজে জড়িত থাকার কোনো প্রমাণ পায়নি পুলিশের তদন্ত কমিটি। তারা এ ঘটনায় পুলিশ সদস্যদের দায়িত্বে অবহেলারও প্রমাণ পেয়েছে।তদন্ত কমিটির প্রধান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. আমির উদ্দিন গতকাল রোববার পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে দায়িত্বে অবহেলার জন্য সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার এবং ঘটনাস্থলে উপস্থিত দুই উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।প্রতিবেদন জমা দেওয়ার পর মো. আমির উদ্দিন সাংবাদিকদের জানান, এ ঘটনায় পুলিশ সদস্যদের অবহেলা ছিল, এ কথা উল্লেখ করে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। তদন্তে কেউ ওই ছয়জন ছাত্রকে ডাকাত বলেনি।প্রতিবেদন নিয়ে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, কমিটির সুপারিশ পর্যালোচনার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।গত ২০ জুলাই চার সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ২১৬ পৃষ্ঠার প্রতিবেদনে শতাধিক মানুষের সাক্ষ্য রয়েছে। মো. আমির উদ্দিনের নেতৃত্বে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন: এসবির বিশেষ সুপার শেখ মাসুদ করিম, সিআইডির বিশেষ সুপার শেখ মো. রেজাউল হায়দার এবং ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।এর আগে হাইকোর্টের নির্দেশে গঠিত এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি ৮ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দিয়েছে। এ প্রতিবেদনেও ছয়জন ছাত্রের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার কোনো প্রমাণ মেলেনি।গত ১৭ জুলাই রাতে রাজধানীর আমিনবাজারের বড়দেশী গ্রামে শামস রহিম, ইব্রাহিম খলিল, টিপু সুলতান, তৌহিদুর রহমান, কামরুজ্জামান ও মনিব সেতাবকে পিটিয়ে হত্যা করা হয়। তারা প্রত্যেকেই রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছিল। পুলিশের তদন্ত কমিটি তিনটি কারণ অনুসন্ধান করেছে বলে জানা গেছে। এগুলো হলো: সাতজন যুবক কেন বড়দেশী গ্রামে গিয়েছিল, কেন জনতা তাদের পিটিয়ে মারল এবং এ ঘটনায় দায়িত্ব পালনে পুলিশের কোনো ত্রুটি ছিল কি না।নাম প্রকাশ না করার শর্তে কমিটির একজন সদস্য প্রথম আলোকে জানান, এর আগে সাতজন যুবক মাদক কিনতে সেখানে গিয়েছিল, এমন কথা বলা হলেও কমিটির তদন্তে এর প্রমাণ মেলেনি। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করলে ছয়জন ছাত্র এভাবে প্রাণ হারাত না। ওই সদস্য আরও জানান, ঘটনাস্থলে সাভার থানার এসআই হারেস শিকদার ও আনোয়ার হোসেন এবং ছয় কনস্টেবল হাবিবুর রহমান, নাজমুল হোসেন, সোহেল মিয়া, সাইদুর রহমান, শাহীন মিয়া ও খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন। তাঁদের সামনেই এ ঘটনা ঘটেছে। তাঁরা একজনকে জীবিত অবস্থায় উদ্ধারও করেন। ১১ সেপ্টেম্বর পুলিশের এই আট সদস্যকে সাভার থানা থেকে প্রত্যাহার করা হয়।