প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরকালে চট্টগ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হচ্ছে। কিন্তু এই অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যবহারের গাড়ি সরবরাহ নিয়ে বিপাকে পড়েছে পুলিশ। পুলিশের গাড়ি রিকুইজিশন নিয়ে হাইকোর্টের নির্দেশনার কারণে এই জটিলতার সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে চট্টগ্রামের বাইরে থেকে পুলিশের প্রায় দুই হাজার সদস্য মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে নগর পুলিশ এক হাজার ৮০০ এবং জেলা পুলিশ ২০০। এই চাহিদার কথা জানিয়ে পুলিশ সদর দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। পুলিশের এসব সদস্যকে আনা-নেওয়ার জন্য প্রায় ১২৫টি গাড়ি দরকার।জানা গেছে, চারটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার এক দিনের সফরে চট্টগ্রামে আসছেন। এ সময় প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ সড়কের দুপাশের ভবনের ছাদে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। এ জন্য অন্তত চার হাজার পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রশাসন সূত্র জানায়, রাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যক্তিদের অনুষ্ঠানের জন্য আগে পুলিশ গাড়ি রিকুইজিশন করত। কিন্তু গত জুলাই মাসে নগর পুলিশের অধ্যাদেশের ৩২ ধারা (রিকুইজিশনের ক্ষমতা) চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জরুরি জনস্বার্থ ছাড়া গাড়ি রিকুইজিশন না করার নির্দেশ দেন। এতে হাইকোর্ট রিকুইজিশন করা গাড়ির ভাড়া, গাড়ির জ্বালানি, মেরামত ব্যয়সহ আনুষঙ্গিক খরচ ১৫ দিনের মধ্যে পরিশোধের সুনির্দিষ্ট কিছু নির্দেশনা দেন। নগর পুলিশের যানবাহন শাখার উপকমিশনার ফারুক আহমদ প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা মেনে রিকুইজিশন করা গাড়ির জন্য ১৫ দিনে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হবে, তার বাজেট বরাদ্দ আমাদের নেই। এ কারণে গাড়ি রিকুইজিশন করা সম্ভব হচ্ছে না। এবার জেলা প্রশাসন ও জেলা পুলিশ সুপারের মাধ্যমে গাড়ি রিকুইজিশনের সিদ্ধান্ত হয়েছে।’জেলা পুলিশ সুপার মো. জেড এ মোরশেদ বলেন, ‘আমি রিকুইজিশন করলেও গাড়ি ব্যবহার করবে নগর পুলিশ। এ কারণে গাড়ি রিকুইজিশন করলে আদালত অবমাননা হতে পারে, তাই আমরা কোনো গাড়ি রিকুইজিশনে যাব না।’জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা মেনে আমরা গাড়ি রিকুইজিশন করার চেষ্টা চালাচ্ছি। এ কারণে যত কম গাড়ি রিকুইজিশন করা সম্ভব, সেটা করার চেষ্টা করছি আমরা।’কর্মসূচি পরিবর্তন: পটিয়া উপজেলার শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রে হেলিকপ্টার নামানোর সুযোগ না থাকায় চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফরসূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত কর্মসূচি অনুযায়ী তাঁকে বহনকারী হেলিকপ্টার এখন মইজ্যার টেকের কাছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্ণফুলী আবাসিক এলাকায় অবতরণ করবে। এখানেই প্রধানমন্ত্রীর জনসভা হবে। আগে হেলিকপ্টার শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রে অবতরণের কথা ছিল।জনসভা শেষে প্রধানমন্ত্রী কর্ণফুলী তৃতীয় সেতু উদ্বোধন করবেন। এরপর তিনি প্রায় ১২ কিলোমিটার দূরে শিকলবাহায় গিয়ে ১৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে তিনি একই পথে ষোলশহর হয়ে চট্টগ্রাম সার্কিট হাউসে আসবেন। এখানে কিছু সময় বিশ্রাম নিয়ে তিনি আবার ষোলশহরের কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির সদর দপ্তর উদ্বোধন করবেন। সেখান থেকে আবার ষোলশহর হয়ে চট্টগ্রামের আদালত ভবনে যাবেন। এখানে নতুন আদালত ভবন উদ্বোধন এবং আইনজীবীদের সমাবেশে বক্তৃতা দেবেন তিনি। পরে প্রায় ২২ কিলোমিটার দূরের পতেঙ্গায় বিমানবাহিনীর বিএএফ জরুহুল হক ঘাঁটিতে যাবেন। সেখান থেকে বিকেলে হেলিকপ্টারে করে তিনি ঢাকায় ফিরে যাওয়ার কথা।