ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে তিনজন নিহত হয়েছেন। চাঁদপুরের মতলবে গতকাল রোববার ব্যালট পেপার ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে নিহত হয়েছেন একজন। মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলতখাঁ ইউনিয়নের দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন মারা গেছে। গত শনিবার রাতের এ সংঘর্ষের সময় সেখানে ব্যাপক বোমার বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে। রাজবাড়ীর পাংশায় প্রতিপক্ষের গুলিতে নবনির্বাচিত এক ইউপি সদস্যের ভাই নিহত ও তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।মতলব: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের কালিয়াইশ ফজর আলী সরকার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এক চেয়ারম্যান প্রার্থীর লোকজন কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই করে। এ সময় পুলিশের গুলিতে আবু ইউসুফ ওরফে মনা (২৮) নামের এক যুবক নিহত হন। আহত হন আরও দুজন।এ ঘটনার পর পুলিশের সঙ্গে স্থানীয় লোকজনের কয়েক দফা সংঘর্ষ হয়। এরপর ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুর রশিদ মজুমদার বলেন, একদল সন্ত্রাসী হঠাৎ করে কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এ সময় পুলিশ গুলি চালালে ঘটনাস্থলেই একজন নিহত হন। খবর পেয়ে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ শহীদ উল্লা চৌধুরী এবং জেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আযাদসহ পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, এক প্রার্থীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং পুলিশের একটি অস্ত্র ছিনতাই করে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছোড়ে। এতে একজন নিহত হন।এদিকে খাদেরগাঁও ইউনিয়নের নারায়ণপুর বাজার হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে এক চেয়ারম্যান প্রার্থীর লোকজন ব্যালট পেপার ছিনতাই করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেখানে দুটি ফাঁকা গুলি ছোড়ে। পরে জেলা প্রশাসনের নির্দেশে প্রিসাইডিং কর্মকর্তা দুপুর সাড়ে ১২টার দিকে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেন। একই ইউনিয়নের ঘিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টার দিকে এক প্রার্থীর লোকজন কেন্দ্র দখল করে নেয়। এরপর ভোটারদের বের করে দিয়ে ব্যালটে তাঁরা সিল মারে। এ সময় পুলিশ সেখানে তিনটি ফাঁকা গুলি ছোড়ে। এরপর ওই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। কালকিনি: উপজেলার ১৪টি ইউনিয়নে গতকাল শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। তবে পুলিশ ও এলাকাবাসী জানায়, চরদৌলতখাঁ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নতুন চরদৌলতখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলে নেওয়ার জন্য চেয়ারম্যান প্রার্থী আবদুল মান্নান সরদার ও চান মিয়া সিকদারের লোকজনের মধ্যে শনিবার রাতে সংঘর্ষ হয়। দুই পক্ষ মোক্তারহাট সেতুর দুই পারে অবস্থান নেয়। রাত ১২টা থেকে ভোর পাঁচটা দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ চলে। এ সময় সেখানে চার শতাধিক বোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় আবদুল মান্নানের সমর্থক মোহব্বত আলী (৬৫) গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।আবদুল মান্নান সরদার অভিযোগ করেন, তাঁর প্রতিদ্বন্দ্বী চান মিয়া সিকদারের লোকজন তাঁদের ওপর হামলা চালায়। তাঁর কর্মী মোহব্বত আলীকে কুপিয়ে হত্যা করে।তবে অভিযোগ অস্বীকার করে চান মিয়া সিকদার বলেন, ‘আমার প্রতিপক্ষ প্রার্থী তাদের কর্মীকে নিজেরাই কুপিয়ে হত্যা করেছে।’কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মণ্ডল সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে বলেন, ‘এক প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পেয়েছি। তবে থানায় এখনো মামলা হয়নি।’পাংশা: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার উপজেলার বাবুপাড়া ইউনিয়নের নির্বাচন হয়। ৩ নম্বর ওয়ার্ডে সদস্য নির্বাচিত হন আলী আকবর। গতকাল সকাল নয়টার দিকে ওই ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী আবুল কাশেম ছরোয়ারের সমর্থক হাজরাপাড়া এলাকার জাফর মিয়ার বাড়ির সামনে জাফর মিয়ার সঙ্গে আলী আকবরের সমর্থক ঈমান মিয়া ও অন্যদের বাগিবতণ্ডা শুরু হয়। এ সময় জাফর মিয়া বাড়িতে ঢুকে তাঁর লাইসেন্স করা দেশি বন্দুক দিয়ে গুলি করেন। এতে আলী আকবরের ভাই আবদুল মোমিন (২৩) ও রাজু আহম্মেদ (১৯), আয়নাল শেখ (২০) ও রাশেদ (২৫) গুলিবিদ্ধ হন। তাঁদের প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবদুল মোমিন মারা যান। রাজু আহম্মেদকে হাসপাতালে ভর্তি করা হয়। আয়নাল ও রাশেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।মোমিন ঢাকা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। এ ছাড়া আহত ব্যক্তিদের মধ্যে আয়নাল ওই ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী ঈমান সরদারের ছেলেও আছেন। তিনিও ঢাকা কলেজের ছাত্র। রাজু ও রাশেদ পাংশা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল মান্নান ঘটনাস্থল পরিদর্শনের পর প্রথম আলোকে বলেন, জাফর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তাঁর লাইসেন্স করা বন্দুক জব্দ করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।পাংশা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, জাফরসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে নিহত আবদুল মোমিনের ভাই আলী আকবর থানায় একটি হত্যা মামলা করেছেন।