পুলিশের গুলিতে জেলে নিহত, বিক্ষোভ, সড়ক অবরোধ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার পুলিশের গুলিতে মোসলেমউদ্দিন (৩০) নামের একজন জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে স্কুলছাত্রসহ আরও ২০ জন। আহত ব্যক্তিদের সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্স, মুন্সিগঞ্জ সদর হাসপাতাল ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনার পর এলাকাবাসী দুপুর ১২টা থেকে আট ঘণ্টা ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে রাখে। স্থানীয় সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ দাবি পূরণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা রাত আটটায় অবরোধ তুলে নেয়। এ সময় মহাসড়কের ধলেশ্বরী সেতু থেকে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল সোয়া চারটার দিকে সড়কের ওই স্থানে মেহেদী হাসান নামের এক ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়। মেহেদী সড়কের পাশের কুচিয়ামোড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। তার মৃত্যুতে বিদ্যালয়ের ছাত্ররা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা মহাসড়কে গিয়ে বিক্ষোভ করে এবং ওই স্থানে একটি গতিরোধক নির্মাণের দাবি জানায়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দাউদউল ইসলাম ও সহকারী পুলিশ সুপার সায়েফুজ্জামান ফারুকী সেখানে উপস্থিত হয়ে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে ছাত্ররা শান্ত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টায়ও গতিরোধক নির্মাণের কোনো উদ্যোগ না দেখে ছাত্ররা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা একটি মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে ১০-১৫ জন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাত্রদের অবরোধ তুলে নিতে বলে। এতে ছাত্ররা আরও খেপে যায়। এ সময় কয়েকজন এলাকাবাসীও সড়কে চলে আসে। পুলিশের সঙ্গে ছাত্র ও এলাকাবাসীর বাগিবতণ্ডার একপর্যায়ে পুলিশ তাদের ওপর চড়াও হয়। ছাত্রদের লাঠিপেটা শুরু করলে ছাত্র ও এলাকাবাসী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এবং শটগান ও রাইফেলের গুলি ছোড়ে। জেলে মোসলেহ উদ্দিনের বুকে গুলিবিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় বিদ্যালয়ের ৮-১০ জন ছাত্রসহ প্রায় ২০ জন গুলিবিদ্ধ হয়। মোসলেমের বাড়ি সিরাজদিখান উপজেলার উত্তর ইসলামপুর কাইজ্জারচর গ্রামে। নিহত মোসলেমের স্ত্রী রানু আক্তার (২৭) আট মাসের অন্তঃসত্ত্বা। মেহেদী (৫) ও মারিয়া (২) নামে তাঁর দুটি ছেলেমেয়ে আছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিহত হওয়ায় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।গুলিবর্ষণের ঘটনায় এলাকাবাসী আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় গ্রামের কয়েক হাজার বাসিন্দা ছুটে আসে। পরিস্থিতি খারাপ দেখে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে। ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে ২০-২৫টি যানবাহন ভাঙচুর করে। তারা মোসলেহ উদ্দিনের লাশ মহাসড়কে রেখে বিক্ষোভ করে এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুুলিশ সুপারের ফাঁসি দাবি করে। খবর পেয়ে সাংসদ ও জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন ও স্থানীয় সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ ঘটনাস্থলে ছুটে আসেন। কুচিয়ামোড়া উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুবল নাগ অভিযোগ করেন, পুলিশ স্কুলের ভেতরে ঢুকে ছাত্রদের বেধড়ক পিটিয়েছে। কোনো কারণ ছাড়াই পুলিশ ছাত্রদের ওপর গুলি চালায়। প্রত্যক্ষদর্শী জেলে মো. রকমত আলী জানান, তিনি ও মোসলেমউদ্দিন কুচিয়ামোড়া বাজারে মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন। ওই স্থানে পুলিশ একেবারে কাছ থেকে মোসলেমকে লক্ষ্য করে গুলি চালায়। দুটি গুলি তাঁর বুকে লাগে। সাগুফতা ইয়াসমিন বলেন, পুলিশের মধ্যে বিএনপি-জামায়াত জোটের লোক ঢুকেছে। তারা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। সুকুমার রঞ্জন ঘোষ প্রথম আলোকে বলেন, ওইখানে এমন কোনো পরিস্থিতি ঘটেনি যে পুলিশকে গুলি চালাতে হবে। এই ঘটনার জন্য পুলিশই দায়ী। তিনি জানান, প্রধানমন্ত্রী নিহতের পরিবারের ভরণপোষণের আশ্বাস দিয়েছেন। জেলা প্রশাসক মো. আজিজুল আলম জানান, গতিরোধক নির্মাণের প্রস্তুতি চলছিল। নির্মাণকাজ শুরুর আগেই এই ঘটনা ঘটে গেল। গুলিবিদ্ধ ছাত্রদের পাঁচজনের নাম জানা গেছে। তারা হলো কুচিয়ামোড়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র রনি (১৫), অষ্টম শ্রেণীর শান্ত রাজবংশী (১৪), দশম শ্রেণীর সেকান্দার (১৬), পার্শ্ববর্তী একটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ফাহাদ (১৭), আলামিন (১৪)। এলাকাবাসী জাহাঙ্গীর (২০), আলমগীর (২২), দীন মোহাম্মদ (৩৫), জরিনা (৫৫), ইসরাফিল (১৭) গুরুতর আহত হয়েছে। ওই ১০ জনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে পুলিশ দাবি করেছে, ওই ঘটনায় তাদের সাত সদস্য আহত হয়েছেন। তাঁরা হলেন সহকারী পুলিশ সুপার সায়েফুজ্জামান ফারুকী, সিরাজদিখান থানার ওসি মিজানুর রহমান, দ্বিতীয় কর্মকর্তা মুশফিকুর রহমান, নায়েব মোশারফ হোসেন, কনস্টেবল তৌহিদুল ইসলাম, হাফিজুর রহমান, হারুন মিয়া। তাঁরা সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্স ও মুন্সিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সহকারী পুলিশ সুপার সায়েফুজ্জামান ফারুকী জানান, জনগণ তাঁদের ঘিরে ফেলায় তাঁরা বাধ্য হয়ে গুলি ছোড়েন। গুলি না চালালে তাঁদের কয়েকজন মারা যেতেন। তিনি জানান, তাঁরা কাঁদানে গ্যাসের চারটি শেল, শটগানের ১৩টি গুলি ও চায়নিজ রাইফেলের ১৬টি গুলি ছুড়েছেন।