বিএনপির ‘নিখোঁজ’ নেতা ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা সিলেটের বিশ্বনাথে আজ সোমবার দুপুর থেকে হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সমর্থকদের দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের গুলিতে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি। এ ছাড়া আহত হয়েছেন পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। র্যাব ও পুলিশের বিশেষ বাহিনী বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।নিহত একজনের নাম মনোয়ার হোসেন (২৬) বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিএনপির কর্মী মনোয়ার রাজনগর গ্রামের আবাচ আলীর ছেলে। তবে আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।এ ছাড়া হরতাল সমর্থকেরা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় পাঁচটি মোটরসাইকেলও পুড়ে যায়। এতে আহত হন মত্স্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক।বিএনপির ক্ষুব্ধ নেতা-কর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসায় গিয়ে তাঁর সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেন। উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দপ্তরেও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। পরে বিশ্বনাথ সেতুর ওপর থেকে মনোয়ারের লাশ ও জামিয়া মোহাম্মাদিয়া আরাবিয়া মাদ্রাসার সামনে থেকে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।বিশ্বনাথ-রামপাশা সড়কে হরতালের সমর্থনকারীরা কয়েকটি দোকান এবং তিনটি ব্যাংকের কাচ ভাঙচুর করে। স্থানীয় সাংবাদিকের মোটরসাইকেলসহ অন্তত সাতটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।আহতদের মধ্যে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) চান মিয়া, এসআই সালাউদ্দিন, কনস্টেবল জামাল আহমদ, সাধনসহ সাত-আটজন রয়েছেন। এর মধ্যে সাধনের অবস্থা গুরুতর।এ এলাকায় গতকাল রোববারও হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ ৪০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করে।বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াস আলী নিখোঁজের প্রতিবাদে গতকাল রোববার ও আজ সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়। মঙ্গলবার গভীর রাতে রাজধানীর বনানী থেকে ইলিয়াস আলী নিখোঁজ হন।