পুলিশের গুলিতে নিহত যুবক ধনাঢ্য ব্যবসায়ীর ছেলে
পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ গত সোমবার বিকেলে রাজধানীর নিকুঞ্জ এলাকায় নিহত হন যুবক এরিস্টটল আমিন ওরফে জিকো। পুলিশ বলছে, ওই যুবক মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। খোঁজ নিয়ে জানা গেছে, প্রয়াত ধনাঢ্য ব্যবসায়ী লস্কর আমিনের একমাত্র ছেলে এরিস্টটল। তাঁর মা মেহের নিগার খান আমিন পল্লিসংগীত সাধক ওস্তাদ মোমতাজ আলী খানের বড় মেয়ে।খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, নিহতের পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, এরিস্টটল মাদকাসক্ত ছিলেন। এর আগে দুবার তাঁকে মাদক নিরাময়কেন্দ্রে ভর্তি করা হয়েছিল।ঘটনার বর্ণনা দিয়ে ওসি বলেন, সোমবার বিকেল পাঁচটার দিকে নিকুঞ্জ-২ এলাকায় পুলিশের একটি দল সন্দেহভাজন একটি গাড়ি থামানোর চেষ্টা করে। এ সময় গাড়িটি পুলিশের এক কর্মকর্তাকে ধাক্কা দিয়ে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে বিমানবন্দর গোলচত্বরের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি পাওয়া যায়। গাড়ির ভেতরে এরিস্টটলের লাশ পড়ে ছিল। গাড়িতে একটি রিভলবার ও কিছু মাদক পাওয়া যায়।আজ বুধবার নিকুঞ্জ এলাকায় কথা হয় কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে। তাঁরা জানান, সোমবার বিকেলে নিকুঞ্জ-২-এর ১৩ নম্বর সড়কের পূর্ব মাথায় (লোটাস কামাল টাওয়ারের পেছনে) গাঢ় নীল রঙের একটি হোন্ডা সিটি কার থামান মোটরসাইকেলের আরোহী দুই পুলিশ। মোটরসাইকেল থেকে নেমে গাড়ির দুই পাশে দাঁড়ান দুই পুলিশ কর্মকর্তা। তাঁরা গাড়ির আরোহীদের নেমে আসতে ও কাচ নামাতে বলেন। এ সময় হঠাত্ করেই গাড়িটি চালিয়ে পেছনের দিকে নেন চালক। পেছাতে গিয়ে একটি রিকশাকে ধাক্কা মারে গাড়িটি। এরপর শব্দ করে ইঞ্জিন সামনে ছুটতে শুরু করে। একজন পুলিশ কর্মকর্তাকে জোরে ধাক্কা দেয় গাড়িটি। ওই কর্মকর্তা গাড়ির বনেটের ওপর উঠে পড়েন। কয়েক গজ সামনে গিয়ে গাড়িটি একটি জোরালো বাঁক নিলে পুলিশ কর্মকর্তা ছিটকে পড়েন রাস্তার ওপরে। এরপর গাড়িটি ছুটে চলে যায়। এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায়।খিলক্ষেত থানার সামনে পড়ে থাকা গাড়িটির সামনের কাচ ফাটা ও সামনে-পেছনে কয়েক জায়গায় ধাক্কা লাগার চিহ্ন দেখা গেছে।পারিবারিক সূত্রগুলো জানিয়েছে, লস্কর আমিনের দুই ছেলে-মেয়ে। মেয়ে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকেন। গত ১০ জানুয়ারি এরিস্টটলের মা মেহের নিগার খান মারা যান। এরপর থেকে ডিওএইচএসের ভাড়া বাসায় একাই থাকতেন এরিস্টটল।গুলিতে মারা যাওয়ার পর গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে তাঁর লাশ গ্রহণ করেন তাঁর এক স্বজন। ওই স্বজন প্রথম আলো ডটকমকে বলেন, মুন্সিগঞ্জের দোহারের জয়পাড়ার লস্করকান্দা গ্রামের লস্কর বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। জানতে চাইলে তিনি বলেন, এরিস্টটল কার সঙ্গে চলাফেরা করতেন, তাঁরা তা জানতেন না।পারিবারিক সূত্রগুলো জানায়, এরিস্টটলের বাবা লস্কর আমিন বাংলাদেশ ড্রাগিস্ট ও কেমিস্ট সমিতির সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশের প্রধান বণিক সমিতি এফবিসিসিআইয়ের কর্মকর্তা ও সার্ক চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। পারিবারিক সূত্রগুলো জানায়, এরিস্টটলের বাবার প্রচুর সম্পদ রয়েছেন। তাঁর সন্ত্রাসী হওয়ার কোনো কারণ নেই। তবে তাঁর চলাফেরা ছিল উগ্র।