পুলিশের গুলিতে নিহত যুবক বাসচালকের সহযোগী !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহ আলী থানাধীন রাইনখোলা এলাকায় পুলিশের গুলিতে নিহত যুবকের পরিচয় জানা গেছে। ছেলেটির নাম মোহাম্মদ মাসুদ বলে জানা গেছে। আছিয়া বেগম নামের এক নারী নিজেকে তাঁর মা বলে দাবি করেছেন। আজ সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে আছিয়া বেগম ওই যুবকের মরদেহ শনাক্ত করেন। গতকাল রাতে গুলিতে ওই যুবক নিহত হন।আছিয়া বেগম বলেন, মোহাম্মদ মাসুদ ইটিসিএল বাসের চালকের সহযোগী ছিলেন। তাঁদের বাড়ী মাদারীপুরের শিবপুরে। রাজধানী ঢাকার পশ্চিম মনিপুরে তাঁরা থাকতেন।আছিয়া বলেন, গতকাল রোববার সন্ধ্যায় স্থানীয় এক ব্যক্তি তাঁকে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে আর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। আছিয়া বেগম আরও জানান, মাসুদের নামে কোনো মামলা নেই। সে কোনো সন্ত্রাসী কাজে জড়িত ছিল না।এদিকে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, এই ঘটনায় পুলিশ দুটি মামলা করেছে। পুলিশের ওপর হামলার অভিযোগে একটি মামলা হয়েছে এবং আরেকটি হয়েছে অস্ত্রমামলা।গতকাল রাতে ওই যুবকের মৃত্যু হয়। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান গতকাল জানান, সন্ধ্যা সাতটার দিকে মিরপুর চিড়িয়াখানা সড়কে একটি মোটরসাইকেলে দুজন যাওয়ার সময় পুলিশ তাঁদের আটকায়। এ সময় তাঁরা পুলিশের দিকে গুলি ছুড়লে উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন এবং মশিউর রহমান আহত হন। এরপর পুলিশও পাল্টা গুলি চালালে ওই যুবকের গায়ে গুলি লাগে। পরে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। ওই যুবকের সঙ্গে থাকা অপরজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশে দুই কর্মকর্তাও আহত হয়েছেন বলে জানান তিনি। পুলিশের দাবি, ওই যুবক সন্ত্রাসী ছিলেন।গতকাল রাত ১০টার দিকে জিনস প্যান্ট ও নীল চেক শার্ট পরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকেরা মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানায়, নিহত যুবকের পেটে, পায়ে ও শরীরের পেছনের দিকে বেশ কয়েকটি গুলির চিহ্ন দেখা গেছে।