পুলিশের গুলিতে ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলায় পুলিশের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আবদুল ওহাবের (৫২) বাড়ি উপজেলার গান্না-পাইকপাড়া গ্রামে।গত শনিবার মধ্যরাতে পুলিশ ওই গ্রামে আসামি ধরতে যায়। এ সময় গ্রামবাসীর সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে পুলিশের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই ওহাব মারা যান। তিনি একটি মামলার আসামি ছিলেন।গুলিতে ওহাবের প্রতিবেশী মো. হাসান (৪৫) ও পুলিশের এসআই আবদুর রহিম এবং ধস্তাধস্তিতে পুলিশের আরও দুই সদস্য আহত হন। এসআই রহিম ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।পুলিশের দাবি, উত্তেজিত জনতার রোষানল থেকে বাঁচতে পুলিশ বাধ্য হয়ে গুলি চালিয়েছে। অপরদিকে নিহত ওহাবের স্বজন ও গ্রামবাসী বলছেন, পুলিশের সঙ্গে মৃদু ধস্তাধস্তির একপর্যায়ে পুলিশ গুলি চালায়।এ ঘটনায় গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত সদর থানায় কোনো মামলা হয়নি। গতকাল দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।নিহতের ছোট ছেলে রোকনুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমার বাবার বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে পুলিশ। আমি সে সময় পুলিশের হাতে ধরে বাবাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছিলাম। কিন্তু পুলিশ আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে বাবাকে গুলি করে।’নিহত ওহাব গান্না বাজারে একটি সার ও একটি মুদি দোকানের মালিক ছিলেন। এ ছাড়া তাঁর কিছু কৃষিজমি রয়েছে।রোকনুজ্জামান কান্নাজড়িত কণ্ঠে বলেন, শনিবার রাত আনুমানিক একটার দিকে বাইরে থেকে কয়েকজন তাঁর বাবাকে ডাকতে থাকেন। ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তাঁরা বাড়ির প্রাচীরের টিনের ফটক ভেঙে ভেতরে ঢোকেন। এরপর তাঁর বাবা এগিয়ে গেলে পুলিশের ছয়-সাতজন সদস্য তাঁকে ধরে বাইরে নিয়ে যান। এ সময় তিনি (রোকনুজ্জামান) পুলিশের কাছে বাবাকে ছেড়ে দেওয়ার জন্য কাকুতি-মিনতি করেন। চিৎকার-চেঁচামেচির আওয়াজ শুনে প্রতিবেশী লোকজন এগিয়ে আসেন। তাঁরাও তাঁর বাবাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের মৃদু ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশের এক সদস্য তাঁর বাবার বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করেন। এতে তাঁরা বাবা ঘটনাস্থলেই মারা যান। এরপর পুলিশ সদস্যরা আরও চার-পাঁচটি গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। ভোর চারটার দিকে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে এসে মরদেহ নিয়ে যায়।আহত গান্না-পাইকপাড়া গ্রামের মো. হাসান জানান, ওহাবের বাড়িতে চিৎকার-চেঁচামেচি শুনে এগিয়ে যান তাঁরা। এ সময় গ্রামের লোকজন ওহাবকে আটকের প্রতিবাদ জানান। মুহূর্তের মধ্যে পুলিশ ওহাবকে গুলি করে চলে যায়।একই গ্রামের বাসিন্দা বাকী বিল্লাহ জানান, জমি নিয়ে গান্না বাজারের বজলুর রহমানের সঙ্গে কোটচাঁদপুর উপজেলার ফাজিলপুর গ্রামের আবদার রহমানের মধ্যে বিরোধ ছিল। সর্বশেষ জমিটি বজলুর রহমানের ছেলেদের দখলে ছিল।গান্না বাজারের ব্যবসায়ী আলতাফ হোসেন জানান, গত বৃহস্পতিবার বিকেলে পার্শ্ববর্তী বেতাই পুলিশ ফাঁড়ির দুই সদস্য গান্না বাজারে এসে বজলুর রহমানের দুই ছেলে সহিদুল ইসলাম ও মোকাদ্দেস হোসেনকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বাজারে উপস্থিত লোকজন পুলিশকে বাধা দেন। মামলা ছাড়াই এমন আটকের প্রতিবাদ করেন তাঁরা। এ প্রতিবাদ করা ব্যক্তিদের মধ্যে নিহত ওহাবও ছিলেন। ব্যবসায়ী আলতাফ বলেন, ‘এই প্রতিবাদ করাই ওহাবের অপরাধ।’ ওহাবের বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ ছিল না বলে জানিয়েছেন গান্না ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদিন।এদিকে জমির মালিকানা দাবিদার আবদার রহমানের ছেলে জাহাঙ্গীর আলম তাঁদের মারধর করে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে গত শনিবার দুপুরে ১২ জনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করেন। মামলায় ওহাব, তাঁর দুই ছেলে রোকনুজ্জামান ও মনিরুজ্জামানকে আসামি করা হয়। সেই মামলায় ফাঁড়ির পুলিশ সদস্যরা ওহাবকে গ্রেপ্তার করতে গেলে এ ঘটনা ঘটে।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘শনিবার দুপুরে ওহাবের নামে একটি মামলা হলে পুলিশ রাতে তাঁকে আটক করতে যায়। এ সময় গ্রামের লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার করে পুলিশকে ঘেরাও করেন। তাঁরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পরিস্থিতি সামাল দিতে পুলিশও গুলি ছোড়ে। এতে ওহাব মারা যান।’ঝিনাইদহের পুলিশ সুপার পঙ্কজ ভট্টাচার্য বলেন, উত্তেজিত জনতার রোষানল থেকে রক্ষা পেতে পুলিশ গুলি ছুড়তে বাধ্য হয়েছে। পুলিশকেও লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। এতে ফাঁড়ির এসআই আবদুর রহিম আহত হয়েছেন।অবশ্য গ্রামবাসী বলছেন, তাঁদের কাছে কোনো অস্ত্র ছিল না। অসাবধানতার কারণে বা ধস্তাধস্তির একপর্যায়ে গুলি ছুড়তে গিয়ে পুলিশ সদস্যরা নিজেরাই আহত হয়েছেন।