পুলিশের গুলিতে ‘ছিনতাইকারী’ নিহত
রাজধানীর কাফরুল থানা এলাকায় আজ শনিবার রাতে পুলিশের গুলিতে এক অজ্ঞাতনামা যুবক (৩০) নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত যুবক ছিনতাইকারী। সাদা পোশাকে টহলরত অবস্থায় পুলিশের ওপর হামলার চেষ্টা করায় আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুঁড়েছে। কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মোহসীন আলী প্রথম আলো কমকে বলেন, বেশ কয়েকদিন ধরে কাফরুল থানার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের বিপরীতে নতুন রাস্তায় ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। ছিনতাইকারীদের ধরার জন্য আজ রাতে কাফরুল থানার এসআই রফিকুল ইসলামসহ চারজন পুলিশ দুইটি রিকশায় ওই এলাকায় টহল দিতে থাকেন। রাত সোয়া নয়টার দিকে কয়েকজন যুবক তাঁদের গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে। এক পর্যায়ে যুবকদের একজন ককটেল বিস্ফোরণ ঘটালে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোঁড়ে। এতে ওই যুবকের শরীরে তিনটি গুলি লাগে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। এসআই বলেন, গুলি আরেক যুবকেরও গায়ে লেগেছে। তিনিসহ দুই-তিনজন যুবক পালিয়ে গেছে। তাঁদের ধরার জন্য ওই এলাকায় অভিযান চলছে।