পুলিশের গুলিতে ‘ছিনতাইকারী’ নিহত
চট্টগ্রামের সিআরবি এলাকায় পুলিশের গুলিতে মো. আলমগীর নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের বাংলোসংলগ্ন পাহাড়ে এই ঘটনা ঘটে। আলমগীর ছিনতাইকারী দলের ‘অন্যতম হোতা’ ছিলেন বলে পুলিশ দাবি করেছে।পুলিশ জানায়, দেড় ঘণ্টাব্যাপী অভিযানে তারা দুটি এলজি, পাঁচ রাউন্ড কার্তুজ, একটি কিরিচ, একটি দা ও দুটি ছোট ছোরা উদ্ধার করে।কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল্লাহ আল মাহমুদ বলেছেন, সিআরবির সাতরাস্তার মাথাসহ বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করার অভিযোগে মতিঝর্ণা এলাকার বাসিন্দা আলমগীরের বিরুদ্ধে পাঁচটি মামলা আছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, সিআরবি এলাকায় সম্প্রতি ছিনতাইসহ অপরাধপ্রবণতা বেড়ে যায়। তাই স্থানীয় লোকজন ওই এলাকায় পাহারা জোরদার করে।অভিযানে নেতৃত্বদানকারী সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হুমায়ুন বলেন, ‘আলমগীরের নেতৃত্বে কয়েকজন সেখানে অবস্থান করছে বলে আমাদের স্থানীয় লোকজন খবর দেয়। আমাদের উপস্থিতি টের পেয়ে আলমগীরের সহযোগীরা পালিয়ে যায়। আলমগীরকে ধরতে গেলে সে বড় ছোরা নিয়ে আমার দিকে তেড়ে আসে। একপর্যায়ে আমাকে হামলা করতে উদ্যত হয়। এ সময় তার পা লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে আত্মসমর্পণ করতে বলি। এর পরও সে হামলা করতে চাইলে আত্মরক্ষার্থে আরও দুই রাউন্ড গুলি করি।’প্রত্যক্ষদর্শীরা জানায়, অচেতন অবস্থায় আলমগীরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।এসআই হুমায়ুন জানান, আলমগীরের সহযোগীদের ধরতে পাহাড়ে ব্যাপক অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।