পুলিশের গুলির ঘটনায় উত্তাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের দুই দিন আগে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের সমর্থিত মেয়র পদপ্রার্থী আহসান হাবিবের এক কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নগর উত্তপ্ত হয়ে উঠেছে। আহসান হাবিব দাবি করেছেন, তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়েছিল। কিন্তু তা লেগেছে তাঁর দেহরক্ষী হারুন অর রশীদের গায়ে।পুলিশের গুলিতে গত বুধবার রাতে হারুন গুলিবিদ্ধ হন। পুলিশ বলছে, গুলি করার সময় আহসান হাবিব ঘটনাস্থল থেকে যথেষ্ট দূরে ছিলেন।এদিকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সমর্থিত মেয়র পদপ্রার্থী শওকত হোসেন এ ঘটনাকে আহসান হাবিবের মিথ্যাচার বলে অভিহিত করেছেন।আহত হারুনকে প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার রাতেই তাঁকে ঢাকার কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।হারুন গুলিবিদ্ধ হওয়ার ঘণ্টা দুয়েক পর বুধবার রাত সাড়ে ১০টার দিকে সংবাদ সম্মেলন করে আহসান হাবিব বলেন, তিনি নিজের জীবন নিয়ে সংশয় বোধ করছেন। তিনি অবিলম্বে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেনকে বদলি করার দাবি জানিয়ে বলেন, ‘আমরা শুরু থেকে বলে আসছি, এ পুলিশ প্রশাসন দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা যাবে না।’বরিশাল মহানগরের চারটি থানার মধ্যে সিটি করপোরেশন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কোতোয়ালি মডেল থানা, কাউনিয়া থানা ও বিমানবন্দর থানার পুলিশ। আহসান হাবিব বলেন, ‘বিমানবন্দর থানার ওসি থাকাকালে সাখাওয়াত হোসেন নানা কীর্তিকলাপ করে বিতর্কিত হয়েছেন। তিনি সদ্য সাবেক মেয়রের পক্ষে কাজ করার “গোপন প্রতিশ্রুতি” দিয়ে কয়েক মাস আগে কোতোয়ালি মডেল থানার ওসি হিসেবে বদলি হয়ে এসেছেন।’এই অভিযোগ অসত্য দাবি করে সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি দুই বছর ছয় মাস বিমানবন্দর থানার দায়িত্ব পালনের পর আমার বিভাগীয় কর্তৃপক্ষ আমাকে কোতোয়ালিতে বদলি করেছেন। এখানে সাবেক মেয়র শওকত হোসেনের কোনো ভূমিকা নেই। আমি শওকত হোসেনের বিশেষ আস্থাভাজন কেউ নই।’সংবাদ সম্মেলনে আহসান হাবিব আরও বলেন, ‘আমি আগেই সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছিলাম। সেনাবাহিনী মোতায়েন করা হলে এ অবস্থা সৃষ্টি হতো না।’ তিনি নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সেনা মোতায়েনের দাবি পুনর্ব্যক্ত করেন।বরিশাল মহানগর পুলিশের কমিশনার মো. সামসুদ্দিন বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে বলেছেন, পুলিশের গুলি না করে উপায় ছিল না। পুলিশ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয় এমন কিছু প্রচারপত্র বিলি করার সময় মহিলা দলের ছয়জনকে আটক করে। এ সময় সেখানে উপস্থিত ভ্রাম্যমাণ আদালত বসাতে চান বিচারক। খবর পেয়ে আহসান হাবিব তাঁর নেতা-কর্মীদের নিয়ে সেখানে আসেন এবং তাঁকে দেখে উৎসাহিত নেতা-কর্মীরা ধস্তাধস্তি শুরু করেন। একপর্যায়ে আটককৃতদের ছিনিয়ে নিতে চাইলে একটি গুলি করা হয়। এতে একজন আহত হন। তিনি জানান, পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ায় আটক মহিলা দলের ওই ছয়জনসহ শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি মামলা করা হয়েছে।পুলিশের গুলির এ ঘটনার প্রতিক্রিয়া জানাতে শওকত হোসেনও সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, এটি অনাকাঙ্ক্ষিত। তবে এ ঘটনাকে বিএনপির নেতারা ও তাঁদের সমর্থিত প্রার্থী আহসান হাবিব নিজে তাঁর ওপর পুলিশি হামলা বলে দাবি করে মিথ্যাচার করছেন।গুলিবিদ্ধ হারুনকে আহসান হাবিবের ‘কথিত দেহরক্ষী’ আখ্যা দিয়ে শওকত হোসেন বলেন, হারুন বিএনপির কর্মী। তাঁকে আহসান হাবিব এ জন্য দেহরক্ষী বলে প্রমাণ করার চেষ্টা করছেন যেন মনে হয়, হামলাটা তাঁর ওপরই হয়েছিল। তিনি বলেন, এ মিথ্যাচারের মধ্য দিয়ে ভোটারদের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন বিএনপির সমর্থিত মেয়র পদপ্রার্থী।শওকত হোসেন বলেন, ‘আমি শুনেছি, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমি পুলিশকে বলব, অবিলম্বে তাঁর নিরাপত্তা নিশ্চিত করা হোক।’