ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়কে আজ শনিবার সকালে ট্রাক্টর থামিয়ে পুলিশের চাঁদা দাবির কারণে চালক নিহত হওয়ার অভিযোগে জেলা পুলিশের সুপার ১৫ পুলিশকে প্রত্যাহার করে নিয়েছেন। নিহতের নাম নূর মোহাম্মদ সরকার (৩৫)। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা গ্রামে। বেলা তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জামিল আহম্মেদ ঘটনাস্থলে গিয়ে শাহবাজপুর পুলিশ ফাঁড়ির ১৫ জন সদস্যকে প্রত্যাহার করে নেন।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে বলেন, পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, এ ব্যাপারে দুটি মামলার প্রস্তুতি চলছে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আজ সকাল ১০টার দিকে শাহবাজপুর পুলিশ ফাঁড়ির সামনে একটি মালবাহী ট্রাক্টর থামিয়ে চার-পাঁচজন পুলিশ ৫০ টাকা চাঁদা দাবি করেন। ট্রাক্টরচালক নূর মোহাম্মদ সরকার (৩৫) ২০ টাকা দিলে পুলিশের সঙ্গে তাঁর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে, নূর মোহাম্মদের জামার কলার চেপে ধরেন এক পুলিশ সদস্য। এ সময় পেছন থেকে একটি চালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট ১৪-৩০১৯) ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরচালক নূর মোহাম্মদ ঘটনাস্থলেই নিহত হন। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের ছোট্ট মিয়া সরকারের ছেলে। দুর্ঘটনায় চালবাহী ট্রাক ও ট্রাক্টরের পেছনের অংশ মহাসড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এ ঘটনার পর সহস্রাধিক ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক ও শাহবাজপুর পুলিশ ফাঁড়ি অবরোধ করে রাখে। জনতা মহাসড়কের ওপর নূর মোহাম্মদের লাশ, বাঁশ ও ইট-পাটকেল রেখে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। এতে মহাসড়কের দুই পাশে ছয় কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা দফায় দফায় পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। উত্তেজিত জনতা শাহবাজপুর পুলিশ ফাঁড়ির পুলিশের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে তাদের বিচার দাবি করে। এ সময় ঢাকা থেকে সিলেটগামী শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও সিলেট থেকে ঢাকাগামী বিচারপতি আবদুল মতিন আটকা পড়েন।পরে ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম বকাউল, সরাইল থানার ওসি গিয়াস উদ্দিন ও হাইওয়ে পুলিশের লোকজন বেলা দুইটার দিকে চাঁদাবাজির সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলে ক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়।শাহবাজপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক ইসমাইল হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘ঘটনার সময় আমি ফাঁড়িতে ছিলাম না। এলাকাবাসীর কাছে দুর্ঘটনার কথা শুনে ছুটে এসেছি।’ তিনি দাবি করেন সকালে মহাসড়কে পুলিশের কোনো টহল থাকে না। শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুক্তিযোদ্ধা উসমান উদ্দিন খালেদ অভিযোগ করে প্রথম আলো ডটকমকে বলেন, পুলিশের চাঁদাবাজির কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে। শাহবাজপুর গ্রামের সালাউদ্দিন, আবদুল হাকিম, কাশেম মিয়া জানান, শাহবাজপুর পুলিশ ফাঁড়ির সামনে দিবারাত্রি চাঁদাবাজি করে আসছেন ফাঁড়ির লোকজন। সাধারণ লোকজনও ফাঁড়ির সামনে দিয়ে হেঁটে যেতে পারে না। পুলিশ নানা অজুহাতে হয়রানি করে থাকে।