দাম না দিয়েই পুলিশ সদস্যদের স্থানীয় বাজার থেকে মাছ, মাংস সংগ্রহ ব্যবসায়ীদের ক্যাম্পে নিয়ে মারধর, টাকা নিয়ে মুক্তি
পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে আমিনবাজারে সড়ক অবরোধ
রাজধানীর উপকণ্ঠ সাভারের আমিনবাজার পুলিশ ক্যাম্পের সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং জোর করে বিভিন্ন পণ্যসামগ্রী নেওয়ার অভিযোগে গতকাল সোমবার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী। তাঁরা পুলিশ ক্যাম্প প্রত্যাহারেরও দাবি জানান। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, আমিনবাজার পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমান ক্যাম্পের কনস্টেবল হাবিবুল্লাহ ও মাঈনুলকে নিয়ে গতকাল সকাল নয়টার দিকে আমিনবাজার বাজারে যান। তাঁরা মাছ ব্যবসায়ী কামাল হোসেনের দোকান থেকে এক হাজার টাকার মাছ নেন। কিন্তু মূল্য পরিশোধ না করেই মাছ নিয়ে রওনা হলে কামাল এর প্রতিবাদ করেন। এ সময় কনস্টেবল হাবিবুল্লাহ ও মাঈনুল তাঁর কলার ধরে টানাহেঁচড়া করেন। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন সকাল সাড়ে নয়টার দিকে বাজারের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।খবর পেয়ে সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউদৌল্লা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিদের ক্যাম্প থেকে প্রত্যাহার এবং তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বেলা সাড়ে ১১টায় অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু আশ্বাস অনুযায়ী অভিযুক্ত পুলিশ সদস্যদের ক্যাম্প থেকে প্রত্যাহার না করায় দুপুর সাড়ে ১২টার দিকে ব্যবসায়ী ও এলাকাবাসী ক্যাম্প ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁরা সাংবাদিকদের নিয়ে ক্যাম্পের ভেতরে প্রবেশ করলে অভিযুক্ত পুলিশ সদস্যদের কয়েকজন প্রাচীর টপকে পালিয়ে যান। ঘণ্টা খানেক পর বিক্ষোভকারীরাও সেখান থেকে চলে যান।ক্যাম্পের পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ: স্থানীয় ব্যবসায়ীরা বলেছেন, আমিনবাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা ব্যবসায়ীদের মাদক ব্যবসা ও আমিনবাজারের ছয় ছাত্র হত্যা মামলায় জড়ানোর ভয় দেখিয়ে চাঁদাবাজি করে থাকেন। ক্যাম্পসংলগ্ন বাজারে অন্তত ৪০টি মাছের দোকান রয়েছে। ক্যাম্পে কর্মরত কর্মকর্তা ও কনস্টেবলরা দেড় বছরেরও বেশি সময় ধরে এসব ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিতভাবে বিনা মূল্যে মাছ নিয়ে আসছেন।মাছ ব্যবসায়ী রুহুল আমিন, হাবিবুল্লাহ, কামাল হোসেনসহ অনেকের অভিযোগ, প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টার মধ্যে পুলিশ সদস্যরা বাজারে গিয়ে অন্তত এক হাজার টাকার মাছ নিয়ে আসেন। মাছের মূল্য দাবি করলেই তাঁদের আমিনবাজারের ছয় ছাত্র হত্যা মামলার আসামি করাসহ মাদক মামলায় গ্রেপ্তার করার হুমকি দেওয়া হয়।মাংস ব্যবসায়ী মঞ্জু অভিযোগ করেন, আমিনবাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা গত ঈদুল ফিতরের দিনে তাঁর কাছ থেকে ১০ কেজি গরুর মাংস নেন। কয়েক দিন পর তিনি মাংসের দাম চাইতে গেলে তাঁকে বাজারমূল্যের অর্ধেক দাম দেওয়া হয়। তিনি এর প্রতিবাদ করলে তাঁকে নানা ভয়ভীতি দেখানো হয়। পরে তিনি আওয়ামী লীগের স্থানীয় এক নেতার সহায়তায় মাংসের প্রকৃত মূল্য আদায় করেন। ক্যাম্পের কর্মকর্তারা এতে ক্ষুব্ধ হন। এর জের ধরে গত শনিবার ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ওয়ালি আশরাফ তাঁকে ক্যাম্পে ধরে নিয়ে যান এবং চোরাই গরুর মাংস বিক্রির মিথ্যা অভিযোগ এনে মামলা করার হুমকি দেন।ব্যবসায়ী মঞ্জু অভিযোগ করেন, তাঁকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ওই পুলিশ কর্মকর্তা এক লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের হস্তক্ষেপে তিনি টাকা ছাড়াই ছাড়া পান।জানতে চাইলে এসআই ওয়ালি আশরাফ গরু চুরির অভিযোগে মঞ্জুকে আটক করার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে মঞ্জুর বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পেয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। মঞ্জুর কাছে টাকা দাবির কথা তিনি অস্বীকার করেন।মামলায় জড়ানোর হুমকি দিয়ে টাকা আদায়: সাদা পোশাকে দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞা থাকলেও আমিনবাজার ক্যাম্পের এএসআই লুৎফর রহমান প্রতিদিন সন্ধ্যার পর কয়েকজন কনস্টেবলকে নিয়ে দায়িত্ব পালন করতে আসেন। তিনি মাদক ব্যবসায়ী ও সাধারণ লোকদের ক্যাম্পে ধরে নিয়ে গিয়ে মারধর করেন। পরে টাকার বিনিময়ে তাঁদের ছেড়ে দেন।হানিফ পরিবহনের বাসচালক স্থানীয় নুরুল ইসলাম অভিযোগ করেন, সপ্তাহ খানেক আগে রাত ১২টার দিকে সাদা পোশাকে কর্তব্যরত কয়েকজন পুলিশ সদস্য তাঁকে আটক করে ক্যাম্পে নিয়ে যান। পরে মাদকের মামলায় জড়ানোর হুমকি দিয়ে তাঁর কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।বালু ব্যবসায়ী মকবুল হোসেনের অভিযোগ, ১০ দিন আগে এএসআই লুৎফর রহমান তাঁকে ক্যাম্পে ধরে নিয়ে মামলায় জড়ানোর ভয় দেখিয়ে তাঁর কাছে এক লাখ টাকা দাবি করেন। পরে ৪০ হাজার টাকা দিয়ে তিনি ছাড়া পান।বরদেশী গ্রামের আবদুল বারেক ও আমিনবাজারের মোহাম্মদ আলীসহ অনেকে বলেন, গত শবে বরাতের রাতে আমিনবাজার ক্যাম্পের পুলিশ সদস্যরা সাদা পোশাকে অন্তত অর্ধশত শিশু ও তরুণদের ক্যাম্পে ধরে নিয়ে গিয়ে আটকে রাখেন। পরে তাঁদের প্রত্যেকের পরিবারের কাছ দেড় হাজার থেকে তিন হাজার টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।অভিযুক্ত পুলিশ সদস্যদের বক্তব্য: যোগাযোগ করা হলে আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) ওয়ালি আশরাফ গতকাল প্রথম আলোকে বলেন, তিনি এবং এসআই ইউনুস আহাম্মেদ এবং এসআই লুৎফর রহমানসহ ২৩ জন ওই ক্যাম্পের দায়িত্বে ছিলেন। গত ১৪ আগস্ট তাঁকে ওই ক্যাম্পের দায়িত্ব দেওয়া হয়। গত শনিবার সেখান থেকে তাঁকে ধামরাই থানায় বদলি করা হয়। রোববার তিনি এসআই খালিদ হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেন। দায়িত্বে থাকা অবস্থায় তিনি কোনো অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন না। অন্যরা কেউ করেছেন কি না, তা তাঁর জানা নেই।তবে ইউনুস আহাম্মেদ বলেন, ‘এসআই লুৎফর রহমান প্রতিদিন সন্ধ্যার পর কনস্টেবলদের নিয়ে সাদা পোশাকে ক্যাম্প থেকে বের হন। এরপর লোকজন ধরে ক্যাম্পে এনে মারধর করেন। মামলায় জড়ানোর ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ছেড়ে দেন। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’ তিনি বাজার থেকে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে মাংস, সবজিসহ চাঁদা আদায়ের কথা স্বীকার করেন। এসব কাজের সঙ্গে এএসআই লুৎফর রহমানসহ কনস্টেবল হাবিবুল্লাহ, মাঈনুল, আলিম, আল-আমিন ও হুমায়ুন জড়িত বলে তিনি জানান।কিন্তু এএসআই লুৎফর রহমান, কনস্টেবল হাবিবুল্লাহ, মাঈনুল, আলিম, আল-আমিন ও হুমায়ুন এই অভিযোগ অস্বীকার করেছেন।পুলিশ কর্মকর্তারা যা বললেন: জানতে চাইলে সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ক্যাম্পের কর্মকর্তা ও কনস্টেবলদের বিরুদ্ধে যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।সাভার মডেল থানার এএসপি মশিউদৌল্লা বলেন, কতিপয় পুলিশ সদস্যের কারণে গোটা পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তদন্তে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।