পুলিশের চার কর্মকর্তাকে গ্রেপ্তার চেয়ে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় শামীম রেজার মৃত্যুর ঘটনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের চার কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়।চার কর্মকর্তা হলেন নারায়ণগঞ্জ পুলিশের বি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) উত্তম প্রসাদ, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান, পরিদর্শক (তদন্ত) অরূপ তরফদার ও উপপরিদর্শক (এসআই) পল্টু ঘোষ।রিট আবেদনকারী হলেন শামীমের বাবা আলাউদ্দিন মিয়া। তাঁর আইনজীবী ইউনুস আলী আকন্দ প্রথম আলোকে বলেন, পুলিশের হেফাজতে নির্যাতনে শামীমের মৃত্যু হয়েছে অভিযোগ তুলে ধরে আবেদনটি করা হয়। আগামী বৃহস্পতিবার বিষয়টি শুনানির জন্য আদালতে দাখিল করা হবে।রিটে বলা হয়, সোনারগাঁ থানার পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামের স্ত্রীসহ চারজনের খুনের ঘটনায় ১৪ মে পুলিশ শামীম রেজাকে আটক করে। আটকের পর ঘুষের দাবিতে তাঁকে নির্যাতন করা হয়। একপর্যায়ে তাঁকে নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে ২১ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই ২২ মে শামীমের মৃত্যু হয়। এ ঘটনায় ওই দিনই শাহবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়।আবেদনে শামীমের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে। এ ছাড়া ওই চারজনের বিরুদ্ধে এজাহার গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না এবং হত্যার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না—এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।শামীম রেজার বাবা আলাউদ্দিন মিয়া অভিযোগ করেন, ‘শামীমকে নির্যাতন করে হত্যার অভিযোগে চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা করতে যাওয়ার পর পুলিশ হুমকি দিয়ে বের করে দেয়। পরে নারায়ণগঞ্জের আদালতে গেলে সেখানেও পুলিশের বাধায় আমরা মামলা করতে পারিনি। তাই উচ্চ আদালতে রিট করার সিদ্ধান্ত নেই।’