পুলিশের ছত্রছায়ায় চলছে মুন্নির মাদকব্যবসা
এলাকাবাসীর আন্দোলন ও সরকারের ঊর্ধ্বতন মহলে আবেদনের পরও বন্ধ হচ্ছে না বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন শহরের মাদক বিক্রেতা মুন্নি বেগমের ব্যবসা। এলাকাবাসী জানিয়েছেন, প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে মুন্নি বেগম শহরে মাদকব্যবসা করছেন। এ ব্যবসা করে অল্প দিনেই তিনি বিশাল ধন-সম্পত্তির মালিক বনে গেছেন। শহরের বিভিন্ন এলাকায় তাঁর একাধিক বাড়ি, দোকান, জমিজমা রয়েছে।এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশ প্রশাসনসহ সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো অভিযোগে জানা গেছে, মুন্নি বেগম মাত্র ছয় মাসের মধ্যে সান্তাহার পৌর শহরের রথবাড়ি, বশিপুর ও লোকো কলোনি এলাকায় অর্ধকোটি টাকা দিয়ে তিনটি বাড়ি কিনেছেন। একই সঙ্গে শহরের স্টেশন রোডের মুক্তিযোদ্ধা মার্কেটে একটি দোকান এবং প্রায় দুই একর জমি কিনেছেন। মুন্নি বেগম ও তাঁর স্বামী আবদুল হামিদের এ ধরনের আকস্মিক আর্থিক সচ্ছলতায় শহরবাসী হতবাক। নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যক্তি জানান, মুন্নি ও হামিদ খানের বিরুদ্ধে কথা বলার সাহস কারও নেই। কারণ, প্রশাসনের অনেক সংস্থার লোকজন রাতের আঁধারে মুন্নির বাড়িতে যাতায়াত করেন। তাঁরা জানান, পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা চোরাকারবারীদের কাছ থেকে হেরোইনসহ যেসব মাদকদ্রব্য আটক করে, তার একটি বড় অংশ মুন্নি ও হামিদ খানের মাধ্যমেই বিক্রি হয়ে থাকে। এ কারণে পুলিশ মুন্নি-হামিদকে মাঝেমধ্যে গ্রেপ্তার করলেও দুর্বল মামলা দেওয়ায় তাঁরা অনায়াসেই খালাস পান। সান্তাহার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসলাম সিকদার বলেন, বস্তির বাসিন্দা হয়ে মুন্নি বেগম কী করে এত দ্রুত কোটি টাকার মালিক হলেন, তা খতিয়ে দেখা দরকার। একই সঙ্গে তিনি এলাকা ও প্রশাসনের মধ্য থেকে যাঁরা মুন্নি ও হামিদ খানকে সহযোগিতা করছেন, তাঁদেরও খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান। সান্তাহার শহরের সাঁতাহার এলাকার বাসিন্দা ফজলুল বারী বলেন, মুন্নি ও হামিদ খানকে একাধিকবার র্যাব-পুলিশসহ বিভিন্ন সংস্থার লোকজন আটক করেছে। কিন্তু কেউ তাঁদের আটকে রাখতে পারেনি। ফলে বন্ধ হয়নি এ দম্পতির জমজমাট মাদকব্যবসা।খোঁজ নিয়ে জানা গেছে, মুন্নির বাবা একজন আইসক্রিম বিক্রেতা ছিলেন। মুন্নি ও তাঁর ছোট বোন চুন্নি সান্তাহার জংশন স্টেশনের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে কয়লা কুড়াত। চুন্নি বর্তমানে রেলপথে চোরাচালান ব্যবসা করেন। সান্তাহার এলাকার মাদক ব্যবসায়ী আবদুুল হামিদের সঙ্গে মুন্নির বিয়ে হওয়ার পর শুরু হয় তাঁদের মাদকব্যবসা। সান্তাহার শহরের অপরাধী এলাকা হিসেবে পরিচিত ৫ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা বস্তিতে তাঁরা গড়ে তোলেন মাদকের বিশাল নেটওর্য়াক। বর্তমানে বসুন্ধরা বস্তির বাড়ি ছাড়াও মুন্নি বেগমের অপর বাড়িগুলোতেও মাদকের ব্যবসা জমে ওঠার অভিযোগ পাওয়া গেছে।সান্তাহার বসুন্ধরা বস্তি পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা ঠিকাদার নিসরুল হামিদ বলেন, ‘দীর্ঘদিন ঠিকাদারি ব্যবসা করেও একটি পাকা বাড়ি করতে পারিনি। অথচ মুন্নি বেগম আপাতদৃষ্টিতে তেমন কিছু না করেও কোটিপতি। শহরে নামে-বেনামে তাঁর তিনটি বাড়ি, তাঁর ছেলের দামি মোটরসাইকেল, দোকান ও জমিজমা রয়েছে।’ বসুন্ধরা বস্তির একাধিক বাসিন্দা বলেন, মুন্নি ও হামিদ খানের বিরুদ্ধে কিছু বললে তাকে হাজতে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়। আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম বলেন, মুন্নি বেগম ও হামিদ খানের মাদকব্যবসার বিষয়টি সরাসরি বগুড়া পুলিশ সুপারকে জানানো হয়েছে। তারপরও তাঁদের কিছু হয়নি।এ ব্যাপারে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, এলাকাবাসীর দাবির মুখে এবং তদন্ত করে একাধিকবার মাদক ব্যবসায়ী মুন্নি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলাও করা হয়েছে। আদালত তাঁকে জামিন দিলে পুলিশের কী করার আছে? এদিকে বিষয়গুলো নিয়ে মুন্নি বেগম ও হামিদ খানের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তাঁরা কোনো কথা বলতে রাজি হননি।