পুলিশের ছাড়পত্র ছাড়া যমুনা ফিউচার পার্কের নকশা অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ছাড়পত্র ছাড়াই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) যমুনা ফিউচার পার্কের নকশা অনুমোদন করেছে। ঢাকা মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক ১৮ জানুয়ারি রাজউকের চেয়ারম্যানকে চিঠি দিয়ে বিষয়টি জানান। পুলিশের ছাড়পত্র ছাড়া কীভাবে নকশা অনুমোদন করা হলো, তা তদন্ত করতে তিনি চেয়ারম্যানকে অনুরোধ করেন। রাজউকের চেয়ারম্যান মো. নুরুল হুদা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে রাজউক কর্মকর্তারা জানান, তাঁরা পুলিশ কমিশনারের চিঠি পেয়েছেন। পুলিশকে লিখিতভাবে এর জবাব দেওয়া হবে। যমুনা বিল্ডার্স (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল প্রথম আলোকে বলেন, ‘ছাড়পত্র দেওয়ার জন্য পুলিশ যেসব শর্ত দিয়েছিল, তা কারও পক্ষে পূরণ করা সম্ভব নয়। তারা বিমানবন্দর সড়ক থেকে প্রকল্পে আসার জন্য আলাদা রাস্তা তৈরি করতে বলেছিল। সেটা অসম্ভব ব্যাপার।’ তিনি জানান, ভবন নির্মাণের ব্যাপারে পুলিশের অনুমোদনের কোনো প্রয়োজন ছিল না। তার পরও তিনি অনুমোদন নিয়েছিলেন।রাজউক চেয়ারম্যানের কাছে লেখা চিঠিতে পুলিশ কমিশনার বলেন, যমুনা ফিউচার পার্কের নকশা অনুমোদনের আগে ট্রাফিক পুলিশের অনাপত্তি চেয়ে আবেদন করা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে কিছু শর্ত দিয়ে তা পূরণ করে পুনরায় আবেদন করতে বলা হয়েছিল। পুলিশের শর্তের মধ্যে ছিল বিমানবন্দর থেকে যমুনা ফিউচার পার্কে আসার জন্য একটি বিকল্প সড়ক তৈরি করতে হবে। যাতে করে রামপুরা-প্রগতি সরণির ওপর যানবাহনের কোনো চাপ না পড়ে। এ ছাড়া বসুন্ধরা এলাকায় প্রবেশের রাস্তা থেকে যমুনা ফিউচার পার্কে যাওয়ার সুবিধা থাকার কারণে ওই পথে যানবাহনের চাপ বেড়ে যাবে। এ জন্য বসুন্ধরায় প্রবেশের রাস্তা সম্প্রসারণ করতে হবে। প্রকল্প এলাকায় প্রবেশের জন্য তিনটি রাস্তা নির্ধারণ করা হয়েছিল। এগুলো হলো বিমানবন্দর সড়ক থেকে তৈরি করা বিকল্প রাস্তা, রামপুরা-প্রগতি সরণি সড়ক এবং বসুন্ধরা সড়ক। কমিশনার চিঠিতে বলেন, যমুনা ফিউচার পার্ক এসব শর্ত পূরণ করে আর কোনো আবেদন করেনি। সে কারণে তাদের ছাড়পত্রও দেওয়া হয়নি।