পুলিশের তিন কর্মকর্তাকে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর তিন আলোকচিত্র সাংবাদিককে নির্যাতনের ঘটনায় পুলিশের তিন কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৫ জুন নিজেদের ভূমিকা জানাতে তাঁদের আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। এই তিন কর্মকর্তা হলেন পুলিশের সহকারী কমিশনার (এসি) শহীদুল ইসলাম, শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আহমেদ কবীর।আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এই নির্দেশের পাশাপাশি রুলও জারি করেন।ওই ঘটনা তদন্তে উপসচিবের নিচে নয়—এমন কর্মকর্তা দিয়ে তদন্ত কমিটি করতে আইনসচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিকে ১৫ জুলাইয়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।এ ছাড়া নির্যাতিত সাংবাদিকদের চিকিত্সা-খরচ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বহন করতে বলার জন্য পুলিশের আইজিপিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সাংবাদিক নির্যাতনের ঘটনায় পরিদর্শক (তদন্ত) আহমেদ কবীর জড়িত কি না, তা ৪৮ ঘণ্টার মধ্যে পরীক্ষা করে সন্তুষ্টি সাপেক্ষে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাবিধি অনুসারে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে আদালত ওই ঘটনায় মামলা গ্রহণে নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। এ ছাড়া পুলিশের সংশ্লিষ্ট তিন কর্মকর্তার দায়িত্ব পালনে ব্যর্থতায় কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব পুলিশের মহাপরিদর্শকসহ ছয় বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে ২০ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। এ ছাড়া নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি-সংক্রান্ত একটি প্রতিবেদন ১৪ জুনের মধ্যে দাখিল করতে পুলিশের মহাপরিদর্শককে বলা হয়েছে।আইন সংবিধানবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মাশহুদুল হক আজ রিট আবেদনটি করেন। আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরশেদ।